আ.লীগ ও বিএনপির একাধিক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া পৌরসভা নির্বাচনে নয়টির মধ্যে চারটি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থিত একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি পাঁচ ওয়ার্ডের মধ্যে দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুজন। অন্য তিনটির দুটিতে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামী–সমর্থিত একক প্রার্থী রয়েছে। আর একটিতে সব প্রার্থীই আওয়ামী লীগ–সমর্থিত।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সাতকানিয়া পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে হলফনামায় স্বাক্ষর না থাকায় একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে চারজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ ও বিএনপির নেতারা কাউন্সিলর পদে একক প্রার্থী বাছাইয়ের চেষ্টা করেছিলেন। তবে সেই চেষ্টা কাজে আসেনি। চারটি ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী রয়ে গেছেন।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, চারটি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী থাকায় দলের নেতা-কর্মীরাও নিজেদের পছন্দের কাউন্সিলর প্রার্থীর পক্ষ-বিপক্ষে ভাগ হয়ে গেছেন। ফলে নির্বাচনী প্রচারণা চালানোর সময় একে অপরের বিরুদ্ধেও কথা বলছেন।
পৌরসভার ২, ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী রয়েছে। ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ–সমর্থিত এ কে এম মোরশেদ ও ৫ নম্বর ওয়ার্ডে জামায়াত–সমর্থিত আবদুল মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীই আওয়ামী লীগ–সমর্থিত। তাঁরা হলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক, বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ শামসুল হক, আওয়ামী লীগ কর্মী মোস্তাফা কামাল এবং আবুল কালাম চৌধুরী।
একাধিক প্রার্থী: ২ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুবলীগ কর্মী মুজিবুর রহমান, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও বর্তমান কাউন্সিলর জিয়াউর রহমান, বিএনপির কর্মী দিদার হোসেন ও যুবদলকর্মী মো. নুর হোসাইন ৬ নম্বর ওয়ার্ডের চারজন প্রার্থীর মধ্যে দুজন আওয়ামী লীগের ও দুজন বিএনপি সমর্থিত। তাঁরা হলেন পৌরসভা যুবলীগের সভাপতি ও বর্তমান কাউন্সিলর মো. সাইফুল আলম, উপজেলা যুবলীগ সদস্য মো. জাহাঙ্গীর আলম, পৌরসভা বিএনপির সদস্য নুরুল আবছার এবং যুবদলকর্মী রাশেদুল ইসলাম।
৮ নম্বর ওয়ার্ডে ছয়জন প্রার্থীর মধ্যে দুজন আওয়ামী লীগের ও দুজন বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী। তাঁরা হলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুদ্দিন দুলাল, আওয়ামী লীগ কর্মী মো. শাহজাহান চৌধুরী, পৌরসভা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বর্তমান কাউন্সিলর মো. নুরুল আবছার এবং বিএনপি কর্মী মোহাম্মদ হোসাইন।
৯ নম্বর ওয়ার্ডে ছয়জন প্রার্থীর মধ্যে তিনজন আওয়ামী লীগ ও তিনজন বিএনপি সমর্থিত প্রার্থী। তাঁরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ কর্মী ও বর্তমান কাউন্সিলর আবদুল হালিম, আওয়ামী লীগ কর্মী আবদুস ছত্তার, যুবদল নেতা মনিরুল ইসলাম, বিএনপি কর্মী মো. আইয়ুব এবং বেলাল উদ্দিন।
একক প্রার্থী: ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ কর্মী এনমুল কিবর, বর্তমান কাউন্সিলর ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নওয়াব মিয়া এবং স্বতন্ত্র মো. আবু সালেহ। ৭ নম্বর ওয়ার্ডে জামায়াত সমর্থিত ও বর্তমান কাউন্সিলর নেছার উদ্দিন আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ ইউসুফ ও বিএনপির কর্মী গোলাম মোস্তফা।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম বলেন, কাউন্সিলর পদের নির্বাচন দলগতভাবে না হলেও দলের স্বার্থে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কেউ কাউকেও ছাড় দিতে রাজি হননি। ফলে একাধিক প্রার্থী নির্বাচন করছেন।
উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, একক কাউন্সিলর প্রার্থীর ব্যাপারে প্রথম দিকে চেষ্টা করা হয়েছিল। কিন্তু পরে ভাবলাম যত বেশি প্রার্থী হবেন প্রার্থীরা তত বেশি ভোটার ভোটকেন্দ্রে নিয়ে আসবেন। তা ছাড়া এলাকায় কার কতটুকু জনপ্রিয়তা আছে তাও যাচাই হয়ে যাবে।