কক্সবাজারের মহেশখালী উপজেলার সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। গত শুক্রবার দুপুর ১২টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাত ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর আগে জেলা বিএনপি সাত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী জানান, জেলা মনোনয়ন বোর্ড তৃণমূল পর্যায়ে যাচাই-বাছাই করে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠায়। গত শুক্রবার দুপুরে কেন্দ্র থেকে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হয়। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন মাতারবাড়ীতে বর্তমান চেয়ারম্যান এনামুল হক চৌধুরী, ধলঘাটে কামরুল হাসান, কালারমারছড়ায় সেলিম চৌধুরী, হোয়ানকে মোস্তফা কামাল, বড় মহেশখালীতে বর্তমান চেয়ারম্যান শরীফ বাদশাহ, কুতুবজোমে মোশাররফ হোসেন ও ছোট মহেশখালীতে জিহাদ বিন আলী।
অন্য দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক জানান, বিএনপির মনোনীত দলীয় প্রার্থীরা হলেন মাতারবাড়ীতে নাসির উদ্দিন চৌধুরী, ধলঘাটে সরওয়ার আলম, কালারমারছড়ায় এখলাছুর রহমান, হোয়ানকে এনামুল করিম চৌধুরী, বড় মহেশখালীতে আক্তার কামাল চৌধুরী, কুতুবজোমে বর্তমান চেয়ারম্যান শফিউল আলম ও ছোট মহেশখালীতে নুরুল হুদা।
তবে দল থেকে নাম চূড়ান্ত হওয়ার পরও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কুতুবজোমের বিএনপির প্রার্থী শফিউল আলম।
জানতে চাইলে শফিউল আলম বলেন, ‘আসন্ন ইউপি নির্বাচনে আমি বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
এ প্রসঙ্গে বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক বলেন, ‘শফিউল আলম সরে যাওয়ায় কুতুবজোমে বিকল্প প্রার্থী দেওয়ার চিন্তা-ভাবনা চলছে।’