চট্টগ্রামের সবচেয়ে বড় উপজেলা ফটিকছড়ির ২০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ১৫টিতে নির্বাচন হবে ১১ জুন। এখানে ১০টি ইউনিয়নেই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী। এসব প্রার্থীর একাংশ সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের সমর্থক। অন্যরা সাবেক সাংসদ পদপ্রার্থী এ টি এম পেয়ারুল ইসলামের সমর্থক।তবে পাঁচটি ইউনিয়নে পেয়ারুল ইসলামের কোনো প্রার্থী নেই। এসব ইউনিয়নের কোনোটিতে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে বিএনপি, কোনোটিতে জামায়াত আবার কোনোটিতে স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি ইউনিয়নে রফিকুল আনোয়ারের প্রার্থীরা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। জানা গেছে, রফিকুল আনোয়ারের প্রার্থীদের মধ্যে রয়েছেন: বাগানবাজার ইউনিয়নে রুস্তম আলী, দাঁতমারায় জানে আলম, নারায়ণহাটে মোহাম্মদ ইব্রাহিম, ভুজপুরে এস এম হারুন, হারুয়ালছড়িতে জুলফিকার আলী ভুট্টো, পাইন্দংয়ে সরোয়ার উদ্দিন চৌধুরী, কাঞ্চননগরে দিদারুল আলম, রোসাংগিরিতে শফিউল আলম, বখতপুরে এস এম সোলাইমান, জাফতনগরে নাজিম উদ্দিন, ধর্মপুরে গোলাম রহমান, সমিতির হাটে নূর আহমদ এবং আবদুল্লাপুরে হোসেন আলী। পেয়ারুল ইসলামের প্রার্থীদের মধ্যে আছেন: বাগানবাজারে শাহাদাত হোসেন, নারায়ণহাটে মোহাম্মদ হারুন, ভুজপুরে মোহাম্মদ ইব্রাহিম, হারুয়ালছড়িতে ইকবাল বাহার তৌহিদ, কাঞ্চননগরে খায়রুল বশর, বখতপুরে ফারুকুল আজম, জাফতনগর আবদুল হালিম, ধর্মপুরে কাজী মাহমুদ এবং আবদুল্লাপুরে অহিদুল আলম।দাঁতমারায় নুরুল আলমের সঙ্গে রফিকুল আনোয়ার ও পেয়ারুল ইসলাম দুজনেরই রয়েছে ভালো সম্পর্ক। একইভাবে রোসাংগিরি ইউনিয়নের প্রার্থী আবদুস সালাম তালুকদারের সঙ্গেও উভয় নেতার যোগাযোগ রয়েছে বলে তিনি দাবি করেছেন। সুন্দরপুর ইউনিয়নে আওয়ামী লীগের তিন প্রার্থীই রফিকুল আনোয়ারের সমর্থক। তাঁরা হলেন—মোহাম্মদ শাহনেওয়াজ, দিদারুল বশর চৌধুরী ও রেজাউল করিম চৌধুরী। লেলাং ইউনিয়নে কুতুব উদ্দিন মুহুরী ও কামাল উদ্দিন। দলীয় প্রার্থী সম্পর্কে সাবেক সাংসদ রফিকুল আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘যেসব ইউনিয়নে নির্বাচন হচ্ছে তার মধ্যে অন্তত ১০টিতে আমাদের প্রার্থীদের বিজয় সুনিশ্চিত। তবে একাধিক প্রার্থী থাকার কারণে অন্য কয়েকটি ইউনিয়নে ভোট ভাগাভাগি হতে পারে। এটা আমাদের জন্য একটি ব্যর্থতা।’ এ টি এম পেয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সরকার চায় ফটিকছড়িতে সন্ত্রাসমুক্ত নিরপেক্ষ নির্বাচন হোক। এ ক্ষেত্রে আমরা চাই ভালো মানুষেরা নির্বাচিত হোক।’ ফটিকছড়িতে একাধিক দলীয় প্রার্থী সম্পর্কে তিনি বলেন, ‘দল যখন ক্ষমতায় আছে তখন স্বাভাবিকভাবেই বেশি নেতা প্রার্থী হতে চাইবেন। কিন্তু এক ইউনিয়নে একজন করে প্রার্থী দিতে না পারাটা উপজেলা আওয়ামী লীগের ব্যর্থতা। যতটুকু জানি স্থানীয় নেতারা এ ব্যাপারে কোনো চেষ্টাই করেননি।’ তবে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক প্রার্থী আছেন, তাঁদের সবাই সমানভাবে প্রতিদ্বন্দ্বিতায় আসার সম্ভাবনা নেই। হারুয়ালছড়িতে আওয়ামী লীগের দুই প্রার্থীর বাইরে আরও একজন প্রার্থী আছেন। তিনি বর্তমান চেয়ারম্যান সরোয়ার আলম চৌধুরী।