খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার তিন ইউনিয়ন পরিষদ (ইউপি)—বোয়ালখালী, কবাখালী ও মেরুংয়ে নির্বাচন আগামী ২৩ এপ্রিল। ইতিমধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগ তৃণমূলের ভোটে এবং বিএনপি আলোচনার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করেছে। দুই দলের উপজেলা কমিটির সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন।
আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টও (ইউপিডিএফ) তাদের প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানা গেছে।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, তফসিল ঘোষণার আগেই কেন্দ্রের নির্দেশে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়। এরই অংশ হিসেবে গত ২৯ ফেব্রুয়ারি সদরের উপজেলা কার্যালয়ে বোয়ালখালী ও কবাখালী এবং ২ মার্চ মেরুং ইউপির প্রার্থী নির্বাচনে তৃণমূলের ভোট অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত ব্যক্তিরা হলেন বোয়ালখালীতে নিউটন মহাজন, কবাখালীতে জাহাঙ্গীর হোসেন ও মেরুংয়ে রহমান কবীর।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতেই ইউপি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এখন কেন্দ্রে থেকে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
বিএনপি সূত্র জানায়, ১৭ মার্চ খাগড়াছড়ি জেলা বিএনপি কার্যালয়ে আলোচনার ভিত্তিতে দীঘিনালার ইউপি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে বোয়ালখালীতে সাবেক চেয়ারম্যান শান্তিপ্রিয় চাকমা ও মেরুংয়ে উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে কবাখালী ইউপিতে কেউ আগ্রহ প্রকাশ না করায় সেখানে প্রার্থী দেওয়া হচ্ছে না। প্রার্থী নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন।
এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা জানান, তাঁদের সংগঠনের পক্ষ থেকে বোয়ালখালীতে বর্তমান চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, মেরুংয়ে ভারত প্রত্যাগত শরণার্থী রেশন বিতরণ কমিটির চেয়ারম্যান লোচন দেওয়ান এবং কবাখালীতে মানিক চাকমাকে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য সমর্থন দেওয়া হয়েছে।
ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য দেবদন্ত ত্রিপুরা জানান, তাঁদের সংগঠনের পক্ষ থেকে বোয়ালখালীতে কল্যাণ চাকমা, মেরুংয়ে সুজয় চাকমা এবং কবাখালীতে বর্তমান চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমাকে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য সমর্থন দেওয়া হয়েছে।