আ.লীগ-বিএনপি সমানে সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেকুয়ায় গণসংযোগ করছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ওয়াহিদুর রহমান ওয়ারেচী   প্রথম আলো
পেকুয়ায় গণসংযোগ করছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ওয়াহিদুর রহমান ওয়ারেচী প্রথম আলো

কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা এখন জমজমাট। প্রার্থীদের দম ফেলার ফুরসত নেই। পাশাপাশি হিসাব-নিকাশে ব্যস্ত ভোটাররাও। এবার নির্বাচনে লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে।
এই উপজেলায় ভোট ২৭ ফেব্রুয়ারি। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন—যুবদলের আহ্বায়ক ও বর্তমান চেয়ারম্যান শাফায়েত আজিজ (আনারস) এবং শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী (দোয়াত কলম)।
ভোটারদের সঙ্গে আলাপে জানা যায়, স্থানীয় সরকার নির্বাচন হলেও শুধু দুজন প্রার্থী হওয়ায় নির্বাচনী লড়াইটি এখন পরিণত হয়েছে আওয়ামী লীগ বনাম বিএনপিতে। এখনো পর্যন্ত দুজনেই সমান এগিয়ে আছেন। তবে অঞ্চলভিত্তিক ভোট যাঁর বাক্সে বেশি পড়বে জয় তাঁর দিকে ঝুঁকবে।

বিএনপি-সমর্থিত প্রার্থী শাফায়েত আজিজ   প্রথম আলো
বিএনপি-সমর্থিত প্রার্থী শাফায়েত আজিজ প্রথম আলো

সরেজমিনে দেখা গেছে, আ.লীগ-সমর্থিত প্রার্থী ওয়াহিদুর রহমান ওয়ারেচী দলীয় নেতা-কর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উঠানবৈঠক, গণসংযোগ, পথসভা ও মাহফিলে সরব উপস্থিতি রয়েছে তাঁর। থেমে নেই বিএনপি-সমর্থিত প্রার্থী শাফায়েত আজিজও। তিনি সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। ১০ বছর আগে বিএনপি সরকারের নানা উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন ভোটারদের। জানা যায়, ওয়াহিদুর রহমান ওয়ারেচীর বাড়ি বারবাকিয়া ইউনিয়নে হলেও তিনি শিলখালী ইউনিয়নের ভোটার। তাঁর বাবা মরহুম ছাদেকুর রহমান ওয়ারেচী বৃহত্তর বারবাকিয়া ইউনিয়নের (টৈটং, বারবাকিয়া ও শিলখালী ইউনিয়ন) চেয়ারম্যান ছিলেন। অপর দিকে, শাফায়েত আজিজ মগনামা ইউনিয়নের ভোটার। তিনি চকরিয়া আসনের সাবেক সাংসদ মরহুম মাহমুদুল করিম চৌধুরীর ছেলে। দুজনেরই পারিবারিক ঐতিহ্য বিবেচনা করছেন ভোটাররা।
শিলখালী উচ্চবিদ্যালয়কেন্দ্রের ভোটার মো. ইউনুছ বলেন, ওয়াহিদুর রহমান ওয়ারেচীর দাদা, বাবা ও চাচারা দীর্ঘদিন এ এলাকা শাসন করেছেন। এখন ওয়াহিদ প্রার্থী হওয়ায় এলাকার লোকজন তাঁর পক্ষে থাকবে, এটাই স্বাভাবিক।
উজানটিয়া ইউনিয়নের ভোটার আবু তৈয়ব বলেন, মগনামা ও উজানটিয়া ইউনিয়নের মানুষের একচেটিয়া ভোট পেয়ে শাফায়েত আজিজ গতবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবারও সে রকম কিছু ঘটলে এগিয়ে থাকবেন তিনি। তবে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা নিশ্চিত করে বলা যায়।
পেকুয়া উপজেলায় সবচেয়ে বেশি ভোটার অধ্যুষিত এলাকা পেকুয়া ইউনিয়ন। এখানে প্রায় ২৮ হাজার ভোটার রয়েছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে কোনো প্রার্থী নেই। এসব ভোটার কোন দিকে ঝুঁকছেন, তা-ই এখন দেখার বিষয়। দুই প্রার্থীই তাঁদের কাছে টানার চেষ্টা করছেন।
চেয়ারম্যান প্রার্থী শাফায়েত আজিজ বলেন, ‘পেকুয়া উপজেলাটি বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনের গঠিত। এ ছাড়া আমার বাবাও এলাকার মানুষের সেবা করে গেছেন। পরে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এ উপজেলার জনসাধারণের খেদমত করেছি। এবারও জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
ওয়াহিদুর রহমান ওয়ারেচী বলেন, ‘আমার বাবা উপকূলের মানুষের ভালোবাসার পাত্র ছিলেন। তাঁর উত্তরসূরি হিসেবে এ অঞ্চলের মানুষ আমাকেই নির্বাচিত করবে বলে আশা করছি।’ তিনি আরও বলেন, ‘এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আমি নির্বাচিত হলে পেকুয়ার উন্নয়ন ত্বরান্বিত হবে।’
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদেও প্রার্থী রয়েছেন দুজন—আওয়ামী লীগ-সমর্থিত নিগার সুলতানা (বৈদ্যুতিক পাখা) ও বিএনপি-সমর্থিত লুৎফা হায়দার (প্রজাপতি)।
ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন চারজন প্রার্থী। তাঁরা হলেন নুরুল আজিম (টিয়া পাখি), কবির আহমদ (তালা), দিদারুল করিম (জাহাজ) ও মো. নুরুজ্জামান (চশমা)। এ পদে কবির আহমদ আওয়ামী লীগ, নুরুজ্জামান জামায়াত-বিএনপি ও দিদারুল করিম জাতীয় পার্টির সমর্থন নিয়ে নির্বাচন করছেন।