আ.লীগ-বিএনপিতে বিদ্রোহীর জ্বালা, স্বস্তিতে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড উপজেলা নির্বাচন ১৫ মার্চ। ইতিমধ্যে আওয়ামী লীগ ও বিএনপি একক প্রার্থী ঘোষণা করেছে। তৃণমূলের নেতা-কর্মীদের কাছে দলীয় প্রার্থীকে নিয়ে পরিচিতি সভাও চলছে। কিন্তু তার পরও দুই দলের জ্যেষ্ঠ নেতারা রয়েছেন অস্বস্তিতে। কারণ বিদ্রোহী প্রার্থী। তবে সেদিক থেকে ফুরফুরে মেজাজে আছেন জামায়াতে ইসলামীর নেতারা। তাঁরা একক প্রার্থীই দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, বিদ্রোহী প্রার্থী নিয়ে দুই দলেই অন্তর্কোন্দল বাড়ছে। বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের ভয় দেখিয়েও কোনো কাজ হচ্ছে না। তাঁরা সিদ্ধান্তে অটল। শেষ পর্যন্ত দুই দলেই বিদ্রোহী প্রার্থী থেকে গেলে মাঝখানে জামায়াত সুযোগ নিতে পারে বলে মনে করছেন দুই দলের জ্যেষ্ঠ নেতারা।
জানা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় টিকিট পেয়েছেন উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম আল মামুন। দলীয় সমর্থন না পেয়ে প্রার্থী হয়েছেন উপজেলা কমিটির সাবেক সভাপতি নুরুল মোস্তফা কামাল চৌধুরী। অন্যদিকে বিএনপির দলীয় টিকিট পেয়েছেন উত্তর জেলা যুবদলের সভাপতি কাজী সালাউদ্দীন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম মাহমুদ। আর জামায়াতের প্রার্থী হয়েছেন উপজেলা কমিটির সহসম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান এম এস মোস্তফা নুর।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান নুর উদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী বলেন, দিদারুল ইসলাম মাহমুদকে ১ মার্চের মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে এবং দলের পক্ষে কাজ করতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সময় বেঁধে দেওয়ার বিষয়টি স্বীকার করে দিদারুল ইসলাম মাহমুদ বলেন, ‘দলের তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ জনগণ চাইছে আমি নির্বাচন করি। তাই আমিও স্পষ্ট বলেছি ১ মার্চের আগে তৃণমূল থেকে গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থিতা যাচাই করা হোক। যদি হেরে যাই তাহলে প্রার্থিতা ছেড়ে দলের জন্য কাজ করব। অন্যথায় নিজে নির্বাচন করব।’
এদিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফা কামাল চৌধুরী প্রথম আলোর কাছে তৃণমূলের গোপন ব্যালটের প্রার্থী নির্ধারণী ভোটে হেরে যাওয়ার কথা স্বীকার করলেও তিনি নির্বাচন করবেন বলে অটল রয়েছেন। আওয়ামী লীগের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত আলী জাহাঙ্গীর বলেন, ‘আমরা আশা করব তিনি (নুরুল মোস্তফা) নির্বাচন থেকে সরে গিয়ে দলের জন্য কাজ করবেন।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই উপজেলায় গত ২৫ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলনকক্ষে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সানাউল হক প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। চেয়ারম্যান পদে সাতজনের মধ্যে কাজী মো. সালাহউদ্দিন টেলিফোন, দিদারুল ইসলাম মাহমুদ আনারস, এস এম আল মামুন কাপপিরিচ, নুরুল মোস্তফা চৌধুরী হেলিকপ্টার, মহিউদ্দিন আহমেদ দোয়াত-কলম, আবুল কালাম আজাদ চৌধুরী মোটর সাইকেল ও এম এন মোস্তফা নুর-ঘোড়া প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত জহুরুল আলম মাইক, আওয়ামী লীগের আলাউদ্দিন ছাবেরী তালা ও জামায়াতের হোসাইন মোহাম্মদ আশরাফ চশমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার চৌধুরী হাঁস ও আওয়ামী লীগের শাহিনুর আক্তার কলস প্রতীক পেয়েছেন।