জামালখান ওয়ার্ডে সাত কাউন্সিলর প্রার্থীর মধ্যে চারজনই আওয়ামী লীগ ঘরানার, দুজন বিএনপি এবং একজন কমিউনিস্ট পার্টির। তবে প্রার্থী সাতজন হলেও নির্বাচনে আওয়ামী লীগ ঘরানার তিন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আভাস দিয়েছেন ভোটারেরা। এ তিন প্রার্থী হলেন তিনবার নির্বাচিত এমএ নাসের, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম ও বিজয় কুমার চৌধুরী। আওয়ামী লীগ ঘরানার অপর প্রার্থী মোরশেদুল আলম। তবে নির্বাচন যতই কাছে আসবে ততই হিসাব পাল্টে যেতে পারে বলে ধারণা অভিজ্ঞমহলের। সে ক্ষেত্রে বিএনপি সমর্থিত দুই প্রার্থী মো. লোকমান ও সৈয়দ সানোয়ার আলীর যেকোনো একজনও প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন বলে মন্তব্য করেছেন কেউ কেউ। এদিকে, প্রতীক বরাদ্দের পর গত বুধবার থেকে এলাকায় পুরোদমে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এবার মিছিল-সমাবেশ নেই, সে কারণে প্রার্থীরা ভোটারের বাড়িতে গিয়ে গণসংযোগ চালাচ্ছেন।জামালখান ওয়ার্ডে এবার ইলেকট্রনিক ভোটিং (ইভোট) পদ্ধতিতে ভোট হবে। এ নিয়ে ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে উচ্ছ্বাস। তবে অনেকের এ বিষয়ে স্পষ্ট ধারণা নেই। মোমিন সড়কের বাসিন্দা অঞ্জনা পাল বলেন, ‘এ পদ্ধতিতে ভোট নিলে জালিয়াতি কমবে। এখানে সফল হলে অন্য নির্বাচনেও এ পদ্ধতি ব্যবহার করা যাবে। তবে নতুন পদ্ধতির ব্যাপারে ভোটারদের সচেতন করতে হবে।’ জামালখান এলাকায় ৩০ বছর ধরে ব্যবসা করছেন তোষন স্টেশনারিজের মালিক শাহাদাত হোসেন (৫৩)। তিনি বললেন, ‘এ ওয়ার্ডের মানুষ বেশি সচেতন। তাই জনপ্রতিনিধিদের কাছে তাঁদের দাবির ফর্দও বেশ লম্বা। সে কারণে জনপ্রতিনিধিরা অতীতে এ ওয়ার্ড নিয়ে অনেক পরিকল্পনা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। জামালখানকে হেলদি ওয়ার্ড ঘোষণা করা হয়েছিল। কিন্তু সব প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। আশা করি এবার যিনি নির্বাচিত হবেন তিনি তা করবেন।’প্রার্থীদের সম্পর্কে তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার পর্যন্ত তিনজন প্রার্থী ভোট চাইতে এসেছেন।’ তিনি মনে করেন, এমএ নাসেরের জয়ের সম্ভাবনা বেশি। কারণ তৃণমূল মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ বেশি। আপদে-বিপদে তাঁকে পাওয়া যায়। তবে এবার আওয়ামী লীগ থেকে প্রার্থী বেশি হওয়ায় নির্বাচনে নতুন মেরুকরণ হতে পারে। হিসাব-নিকাশ কঠিন হতে পারে এমএ নাসেরের জন্য।’ তাঁর মতে, জামালখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। এমএ নাসেরের সঙ্গে আবুল হাশেম চৌধুরী ও বিজয় কুমার চৌধুরীর প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় আছেন তিনি।সরেজমিনে দেখা যায়, গত বুধবার প্রতীক বরাদ্দের পরপর অনেক প্রার্থী তড়িঘড়ি করে পোস্টার ছাপিয়ে বিভিন্ন স্থানে লাগিয়েছেন। সিএনজি অটোরিকশায় মাইক বেঁধে প্রচারণা চালাচ্ছেন কর্মীরা। পাশাপাশি বিভিন্ন এলাকায়, পথে-ঘাটে, অলিগলিতে গণসংযোগ করছেন প্রার্থীরা। তাঁরা যাচ্ছেন ভোটারের বাড়ি, বিভিন্ন কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে। গত বুধবারের মধ্যে কয়েকজন প্রার্থী নির্বাচনী কার্যালয়ও খুলেছেন। সেখানে দলের নেতা-কর্মীরা আসছেন, নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করছেন। কাউন্সিল প্রার্থীদের চেয়ে মেয়র প্রার্থীদের নিয়ে বেশি আগ্রহ ভোটারদের। সিটি করপোরেশন নির্বাচনে প্রথম ভোট দেবেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সাজ্জাদ হাসান ও মাহমুদ আলম। তাঁরা বলেন, ‘জাতীয় নির্বাচনে পরিবর্তনের আশা নিয়ে ভোট দিয়েছিলাম। কিন্তু সে স্বপ্ন ফিকে হয়ে গেছে। এখানেও অনেকে স্বপ্ন দেখাচ্ছেন। আমরাও পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তনের পরে জনপ্রতিনিধিদের আচরণ যেন পাল্টে না যায়। তাঁরা যেন আমাদের আশাহত না করেন।’ বর্তমান কাউন্সিলর এমএ নাসের স্বীকার করেন সব প্রতিশ্রুতি তিনি পালন করতে পারেননি। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘জরুরি অবস্থার সময় ভারপ্রাপ্ত মেয়রের অসহযোগিতার কারণে অনেক প্রকল্প বাস্তবায়ন করতে পারিনি। অন্য এলাকায় যেখানে তিন-চার কোটি টাকার কাজ হয়েছে সেখানে গত পাঁচ বছরে দেড়-দুকোটি টাকার কাজ করতে পেরেছি আমার ওয়ার্ডে।’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগের মূলস্রোতেই আছি। কিন্তু যখন চেয়ারে বসি তখন সব দলমতের ঊর্ধ্বে থাকি। এখন পর্যন্ত আমি কারও ক্ষতি করিনি, ক্ষমতার অপব্যবহার করিনি, দুর্নীতি করিনি। নির্বাচনে আমার প্রচারণাও কম। আমি শুধু সর্বস্তরের মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছি।’আবুল হাশেম চৌধুরীও বাসায় বাসায় গিয়ে প্রচারণা চালাচ্ছেন। তিনি জামালখানকে ডিজিটাল ওয়ার্ডে পরিণত করতে চান বলে জানান।প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছেন বিজয় কুমার চৌধুরী। তিনি বলেন, ‘ওয়ার্ডের উন্নতি করাই আমার নির্বাচনে অংশ নেওয়ার মূল কারণ। এলাকায় অনেক নামী শিক্ষাপ্রতিষ্ঠান আছে। এটি সাংবাদিকপাড়া এবং সংস্কৃতিকর্মীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত। কিন্তু ১৯৯৪ সাল থেকে এলাকার কোনো উন্নয়ন হয়নি। আমি জামালখানকে সত্যিকারের হেলদি ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।’