আ.লীগে দক্ষিণে ও বিএনপিতে উত্তর-দক্ষিণ দুই জেলায় অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের তিনটি সাংগঠনিক জেলার মধ্যে মহানগরে সরকারি দল আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব জটিল হয়ে উঠেছে। এ দ্বন্দ্ব মিটমাট করে দিতে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা চট্টগ্রাম আওয়ামী লীগের প্রবীণ তিন নেতাকে দায়িত্ব দিলেও তাঁরা কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেননি। উত্তর জেলায় সাংগঠনিক কোনো সমস্যা না থাকলেও দক্ষিণ জেলা আওয়ামী লীগের তরুণ নেতাদের মধ্যে নেতৃত্বের প্রশ্নে চাপা ক্ষোভ রয়েছে বলে জানা গেছে। একইভাবে চট্টগ্রাম মহানগর বিএনপিতেও কমিটি নিয়ে দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। উত্তর ও দক্ষিণ জেলায়ও নেতা-কর্মীর মধ্যে ক্ষোভ আছে। যদিও উভয় সাংগঠনিক জেলা কমিটি কেন্দ্রের অনুমোদন পেয়েছে। আওয়ামী লীগ: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এখন দুই ধারায় বিভক্ত। একটি অংশের নেতৃত্বে আছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি, সাংসদ নুরুল ইসলাম ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। গত বছরের জুনে অনুষ্ঠিত সিটি করপোরেশনের নির্বাচনের সময় দুই পক্ষের দ্বন্দ্ব স্পষ্ট হয়। ওই সময় সাংসদ নুরুল ইসলাম ও মন্ত্রী আফছারুল আমীনের অনুসারীরা প্রকাশ্যে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অবস্থান নেন। দলীয় সূত্র জানায়, মহানগর আওয়ামী লীগের দ্বন্দ্ব মিটমাট করে দিতে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা চট্টগ্রাম আওয়ামী লীগের প্রবীণ তিন নেতাকে দায়িত্ব দেওয়ার দুই মাস পরও দায়িত্বপ্রাপ্ত নেতারা এ ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে পারেননি। গত ২৬ ফেব্রুয়ারি সার্কিট হাউসের এক সভায় প্রধানমন্ত্রী এ দায়িত্ব দিয়েছিলেন। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মহানগর আওয়ামী লীগের দ্বন্দ্ব নিরসন নেত্রী (শেখ হাসিনা) ছাড়া আর কারও পক্ষে সম্ভব নয়। আসলে আমাদের দিয়ে এসব হবে না। নেত্রীর ওপর সব কিছু নির্ভর করছে। তিনি যখন ডাকবেন তখন এর সমাধান হবে।’ এদিকে, উত্তর জেলা আওয়ামী লীগে সমস্যা নেই বলে দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন। তাঁদের মতে, ছাত্রলীগ কিংবা যুবলীগ থেকে উঠে আসা বেশির ভাগ নেতা আওয়ামী লীগে জায়গা করে নিয়েছেন। ফলে সেখানে বঞ্চিতদের সংখ্যা খুব কম। এ কারণে নেতৃত্ব পাওয়া নিয়ে উত্তর জেলায় দ্বন্দ্ব তেমন নেই।দক্ষিণ জেলা আওয়ামী লীগে আখতারুজ্জামান চৌধুরী ও মোছলেম উদ্দিন দীর্ঘ দিন ধরে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদটি ধরে রেখেছেন। ফলে এ জেলায় ছাত্রলীগ কিংবা যুবলীগ থেকে উঠে আসা নেতারা আওয়ামী লীগে জায়গা করে নিতে পারছেন না। এ নিয়ে নবীন নেতাদের মধ্যে চাপা ক্ষোভ আছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘দক্ষিণ জেলায় আখতারুজ্জামান চৌধুরীর নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। তাঁর কোনো বিকল্পও নেই সেখানে। তবে দীর্ঘ দিন ধরে নবীন নেতারা দক্ষিণ জেলায় জায়গা পাচ্ছেন না। এ বিষয়টি বিবেচনায় নেওয়া হলে প্রবীণ ও নবীনের সমন্বয়ে দক্ষিণ জেলার সাংগঠনিক কাঠামো অনেক মজবুত হবে।’ একই রকম বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান। তাঁর গ্রামের বাড়ি দক্ষিণ জেলায়। তিনি প্রথম আলোকে বলেন, ‘নবীনদের জায়গা না দিলে দক্ষিণ জেলায় সংগঠন দুর্বল হয়ে পড়বে। এ নিয়ে নবীনদের মধ্যে চাপা ক্ষোভ আছে।’বিএনপি: চট্টগ্রাম মহানগর বিএনপির দুইটি পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা থাকলেও এখনো কোনোটিই অনুমোদন হয়নি। জানা গেছে, নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন একটি কমিটি কেন্দ্রে জমা দিয়েছেন। ওই কমিটিতে জায়গা হচ্ছে না মনে করে আরেকটি পাল্টা কমিটি জমা দেন আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা। ফলে এখনো কার্যত দুই ভাগ রয়েছে নগর বিএনপি। কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচিগুলোও আলাদাভাবে পালন করেন বিবদমান পক্ষগুলো। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষ আলাদা করে কমিটির তালিকা জমা দিয়েছে। কেন্দ্র উভয় তালিকা যাচাই করে দেখবে। তবে সংগঠনের জন্য নিবেদিত নেতারা অবশ্যই কমিটিতে জায়গা পাবে।’ এদিকে, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে বাদ দিয়ে দক্ষিণ জেলার কমিটি পুনর্গঠন করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হন সাবেক সাংসদ গাজী শাহজাহান। এ নিয়ে দক্ষিণ জেলা বিএনপির কিছু নেতার মধ্যে চাপা ক্ষোভ আছে। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘কমিটি পুনর্গঠন হলেও আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমরা মিলেমিশে কাজ করছি। ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। এরপরও অনেক ত্যাগী নেতা বাদ পড়েছেন। কমিটির পরিধি আরও বড় হলে তাঁদের জায়গা করে দিতে পারতাম।’ এদিকে, বিএনপির উত্তর জেলার পূর্ণাঙ্গ কমিটি থাকলেও সেখানে অনেক ত্যাগী নেতা বাদ পড়েছেন বলে দলীয় নেতারা জানান। বিশেষ করে এমন কিছু নেতা জেলা কমিটিতে স্থান পেয়েছে, যাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন দলীয় নেতা। এ বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে। তা বিবেচনা করা হতে পারে বলে জানা গেছে। উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের মধ্যে বিভেদ নেই। তবে নেতৃত্বের প্রতিযোগিতা আছে।’