তফসিল ঘোষণার পর হঠাৎ করে সর্বত্র আলোচনায় চলে এসেছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গ। এ নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি এলাকাভিত্তিক সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থী ও দলগত অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা। বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপও। আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে সিটি করপোরেশন নির্বাচন। ২৫ জুন চলমান মেয়াদ শেষ হচ্ছে।এত দিন ধরে আলোচনায় ছিল ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গ। কিন্তু সীমানাসংক্রান্ত জটিলতায় ওই নির্বাচনের ভাগ্য আদালতনির্ভর হয়ে পড়ে। ঢাকার তুলনায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা তেমন একটা ছিল না বললেই চলে। তাই হঠাৎ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণায় নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মহলগুলো। সবার আলোচনায় প্রাধান্য পাচ্ছে হঠাৎ করে তফসিল ঘোষণা, মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কে বা কারা হচ্ছেন, কোন দলের কী অবস্থা ইত্যাদি বিষয়। ইতিমধ্যে বর্তমান মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী আসন্ন নির্বাচনের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। অপরদিকে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী ও দলের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান ও নগর বিএনপির সাধারণ সম্পাদক, চিকিৎসক শাহাদাৎ হোসেনের নাম আলোচনায় আসছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে পুরোনো সীমানা ধরে। পুরোনো সীমানা অনুযায়ী এবার ভোটার বেড়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ। মোট ভোটারসংখ্যা ১৬ লাখ ৯৫ হাজার (প্রায়)। ২০০৫ সালে সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ছিল ১১ লাখ ৩৮ হাজার ৩১৮জন। গতবার ২১ জন মেয়র পদে এবং ৪১টি ওয়ার্ডে ৩০৪ জন কমিশনার (পরে কাউন্সিলর) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৪টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী ছিলেন ৮৪ জন। বর্তমান মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিভিন্ন কর্মকাণ্ড নানা বিতর্ককে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে এবারের নির্বাচন। ইতিমধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সীমানা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। পশ্চিম পটিয়ার পাঁচটি ইউনিয়নকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা নিয়ে মেয়র ও আনোয়ারা-পশ্চিম পটিয়ার সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর মধ্যে বিরোধ দেখা দেয়। এ ছাড়া টানা তিনবার নির্বাচিত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী গত পাঁচ বছরে নানাভাবে বিতর্কের জন্ম দিয়েছেন। কখনো কাউন্সিলদের সঙ্গে, কখনো সাংসদের সঙ্গে বিতর্ক, কখনো পাহাড় কেটে আবাসিক এলাকা তৈরি ও পশুশালা নিয়ে বিতর্ক, আবার কখনো করপোরেশনের বিভিন্ন প্রকল্প নিয়ে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সর্বশেষ তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন করপোরেশনের ১৫ জন কাউন্সিলর। এ ছাড়া, এক নারী কাউন্সিলর তাঁর বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন। এসব বিতর্কের কারণেই আওয়ামী লীগে মেয়র পদে বিকল্প প্রার্থীর সন্ধান চলছিল বলে আলোচনা ছিল। তবে সে রকম কাউকে না পাওয়ায় শেষপর্যন্ত মহিউদ্দিন চৌধুরীর মনোনয়ন একরকম নিশ্চিত বলা যায়।অন্যদিকে বিএনপিও শক্ত প্রার্থী দেওয়ার ব্যাপারে উঠে পড়ে লেগেছে। তবে দলটি থেকে কে নির্বাচন করবেন এখনো তা নিশ্চিত হয়নি। এখন পর্যন্ত দলের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান এবং নগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের নাম আলোচনায় উঠে এসেছে। এ দুজন প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছার কথা পরোক্ষে স্বীকারও করেছেন। আবদুল্লাহ আল নোমান বলেছেন, দল নির্বাচনে গেলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। মাঠ কাউকে ছেড়ে দেওয়া যায় না বলে মন্তব্য করে তিনি। শাহাদাৎ হোসেন বলেছেন, তাঁর ওপর জনগণের চাপ আছে নির্বাচন করার জন্য। এ ব্যাপারে তাঁর প্রস্তুতিও রয়েছে বলে প্রথম আলোকে জানান তিনি। তবে এখানেও রয়েছে ব্যাপক কোন্দল। এ কোন্দল সামাল দিয়ে শেষপর্যন্ত কে মনোনয়ন পান তা দেখার জন্য মনোনয়ন ঘোষণার সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে মেয়র পদে শেষ পর্যন্ত দুই দলের একক প্রার্থী থাকলেও ওয়ার্ড কাউন্সিলর পদে এবার আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী নির্বাচন করবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বিভক্ত নগর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে মেয়রপন্থী ও মেয়রের বিপক্ষপন্থী প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। প্রসঙ্গত, গতবার মহিউদ্দিন চৌধুরী নির্বাচন করেছেন নাগরিক কমিটির ব্যানারে। এবার সে রকম কোনো তৎপরতা এখনো চোখে পড়েনি।এদিকে, নির্বাচন সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জেলা নির্বাচন কমিশন। ভোটারসংখ্যা নির্ধারণের পর কেন্দ্র নির্ধারণ, কর্মকর্তা নিয়োগ ইত্যাদি প্রক্রিয়া দ্রুতগতিতে চলছে। এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার প্রথম আলোকে বলেন, ‘যে সময় আছে তাতে নির্বাচনী কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারব বলে আশাবাদী। আমাদের কাজ দ্রুত এগিয়ে চলেছে।’