বিরোধী দলের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা যেকোনো মুহূর্তে হতে পারে। দলীয় সভানেত্রী শেখ হাসিনার মতামত নিয়ে কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। দলীয় সূত্র জানায়, ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগর কমিটির নেতা এবং থানা ও ওয়ার্ড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে ঢাকায় মতবিনিময় করবেন শেখ হাসিনা। সেখানে পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে কোনো এজেন্ডা থাকবে না। তবে আলোচনায় বিষয়টি উঠতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। আহমদ হোসেন এ প্রসঙ্গে বলেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বা কমিটি পুনর্গঠনের ঘোষণা যেকোনো মুহূর্তে আসতে পারে। এর আগে চট্টগ্রামের তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে সভানেত্রী শেখ হাসিনা মতবিনিময় করবেন। সাংগঠনিক বিষয়গুলো মতবিনিময় অনুষ্ঠানে প্রাধান্য পাবে। দলীয় সূত্র জানায়, বর্তমান সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে রেখেই কমিটি হওয়ার সম্ভাবনা বেশি। অন্য পদগুলো নিয়ে নানা প্রস্তাবনার আলোচনা চলছে। তবে সবকিছু বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সভানেত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত, ২০০৬ সালের ১৬ জুন নগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ওবীর বাহাদুর ওই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও কাজী ইনামুল হককে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরে মৌখিকভাবে জ্যেষ্ঠ আরও ২৩ নেতাকে অন্তর্ভুক্ত করে কমিটির সদস্য সংখ্যা ২৫ জনে উন্নীত করা হয়। সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। এর মধ্যে তিন নেতা এম এ মান্নান, আবু তালেব চৌধুরী ও খালেকুজ্জামান মারা গেছেন। সাড়ে পাঁচ বছর পরে কেন্দ্র থেকে নগর কমিটি পূর্ণাঙ্গ করার উদ্যোগ নেওয়া হয়। এ প্রসঙ্গে নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘একটি কাউন্সিলের মাধ্যমে চট্টগ্রাম নগর কমিটি হয়েছে। এর পরিবর্তন আনতে হলে আরেকটা কাউন্সিলের প্রয়োজন। গঠনতন্ত্রে তা বলা আছে। পূর্ণাঙ্গ কমিটি করতে হলে কাউন্সিলের প্রয়োজন নেই। গঠনতন্ত্রে এও বলা আছে, কাউন্সিল ছাড়াও এডহক কমিটি করা যায়। এডহক কমিটির দায়িত্ব, তিন মাসের মধ্যে কাউন্সিল করে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।’