আ.লীগের প্রতিদ্বন্দ্বী আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চট্টগ্রাম নগরের পাশাপাশি দুটি ওয়ার্ড জামালখান ও দেওয়ানবাজার। নগর ভবনের দুই পাশে এই ওয়ার্ড দুটির অবস্থান। সমস্যা-সম্ভাবনার দিক থেকেও প্রায় একই। মিল রয়েছে এবারের সিটি করপোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলরদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রেও। দুটি ওয়ার্ডেই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়বে আওয়ামী লীগ। ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আলাপে পাওয়া গেছে এই চিত্র।
জামালখান ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক কাউন্সিলর আব্দুল নাসের, বর্তমান কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী, দুই ভাই রাজীব দাশ, শৈবাল দাশ ও মোহাম্মদ তৌহিদুস সালাম। তাঁদের মধ্যে তৌহিদুস সালাম বিএনপির, বাকি চারজন আওয়ামী লীগের সমর্থক।
দেওয়ানবাজার ওয়ার্ডে নির্বাচন করার জন্য আওয়ামী লীগ থেকে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ এবং সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম। বিএনপি থেকে অংশ নিচ্ছেন মো. হাফিজুল ইসলাম মজুমদার।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের জামালখান ওয়ার্ডে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী, আব্দুল নাসের ও শৈবাল দাশের মধ্যে।
জামালখান ওয়ার্ডের হেমসেন লেনের বাসিন্দা কামরুল ইসলাম বলেন, কাউন্সিলর প্রার্থীদের কাছে আবেদন থাকবে, তাঁরা যেন ওয়ার্ডের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করেন। পাশাপাশি ওয়ার্ডের সৌন্দর্যবর্ধনের জন্য কাজ করবেন। আরেক বাসিন্দা ওবায়েদ রহমান বলেন, বিজয়ী প্রার্থীকে সামনের দিনে এলাকার নালা-নর্দমা ও খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ রাখতে হবে।

চৌধুরী হাসান মাহমুদ , মোহাম্মদ রফিকুল ইসলাম, বিজয় কুমার চৌধুরী  আব্দুল নাসের
চৌধুরী হাসান মাহমুদ , মোহাম্মদ রফিকুল ইসলাম, বিজয় কুমার চৌধুরী আব্দুল নাসের

এই ওয়ার্ডে মোট ভোটার ২৮ হাজার ৫২ জন। ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। জয়ের ব্যাপারে এই তিন প্রার্থীর প্রত্যেকেই আশাবাদী। সাবেক কাউন্সিলর আব্দুল নাসের প্রথম আলোকে বলেন, ‘আমি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে জামালখান ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত (হেলদি) ওয়ার্ড হিসেবে গড়ে তুলেছিলাম। কিন্তু গত পাঁচ বছরে ওয়ার্ডের সে মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে। এলাকার উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি থমকে আছে। বর্জ্য-ব্যবস্থাপনা ও নালা-নর্দমা সংস্কারে রয়েছে চরম অব্যবস্থাপনা।’
বর্তমান কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, একসময় এই ওয়ার্ডে ৭০ হাজার মানুষের বসবাস থাকলেও বর্তমানে প্রায় এক লাখ লোক বসবাস করে। কিন্তু সে তুলনায় সেবক বাড়েনি, উল্টো কমেছে। তার পরও সীমিত জনবল নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে।
নির্বাচনে জয়লাভ প্রসঙ্গে বিজয় কুমার চৌধুরী বলেন, ‘জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এলাকাবাসীর উন্নয়নে কাজ করেছি। নির্বাচনে ভোটাররা তার মূল্যায়ন করবেন।’ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন অপর প্রার্থী আব্দুল নাসের ও শৈবাল দাশও।
এদিকে দেওয়ানবাজার ওয়ার্ডে নির্বাচনে লড়াই হবে নবীন-প্রবীণের। এই ওয়ার্ডে ভোটার রয়েছে ২১ হাজার ১৪৩ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৩টি।
চৌধুরী হাসান মাহমুদ নির্বাচনে জয়ের ব্যাপারে বলেন, ‘এটা এলাকার জনগণই ভালো বলতে পারবে। বিগত সময়ে আমি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এলাকাবাসীর জন্য কাজ করেছি।’
অপর প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আমি বয়সে তরুণ। এই ওয়ার্ডে আমার জন্ম। তাই এলাকাবাসীর জন্য কিছু চাই। সে জন্য কাউন্সিলর পদে নির্বাচন করছি। আর ওয়ার্ডের বাসিন্দারাও এবার পরিবর্তন চান।’
ওয়ার্ডের ভোটার ও বলুয়ারিদঘির বাসিন্দা গিয়াস উদ্দিন বলেন, আপাতদৃষ্টিতে নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতা হবে চৌধুরী হাসান মাহমুদ ও মোহাম্মদ রফিকুল ইসলামের মধ্যে। তবে আমাদের দাবি, এই এলাকার ঐতিহ্যবাহী বলুয়ারদিঘি সংস্কার, রাস্তাঘাটের উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে জনপ্রতিনিধি যেন আরও কার্যকর ভূমিকা রাখেন।