আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয়ের পেছনে জনসেবা!
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মকছুদ মিয়া বেশ বড় ব্যবধানেই পরাজিত করেছেন দলীয় প্রার্থী ও সাবেক মেয়র সরওয়ার আজমকে। ভোটারদের মতে, মকছুদ মিয়ার সেবাপরায়ণ ভাবমূর্তি তাঁকে জিততে সাহায্য করেছে। বৃহস্পতিবারের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মকছুদ মিয়া ছয় হাজার ৪৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সরওয়ার আজম পেয়েছেন চার হাজার ৮৭৯ ভোট। নির্বাচনের আগের দিন পর্যন্ত এলাকার সাধারণ ভোটারদের পাশাপাশি সংখ্যালঘু ভোটাররা নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কিত ছিলেন। কিন্তু নির্বাচনের দিন ভোটকেন্দ্রের চিত্র ছিল ভিন্ন। স্থানীয় প্রশাসন ভোটকেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করায় ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর জয় নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে নানা তথ্য পাওয়া গেছে। দক্ষিণ হিন্দুপাড়ার মণীন্দ্র লাল দে (৪৫) জানান, দীর্ঘদিন ধরে মকছুদ মিয়া এলাকায় নানা ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ করেছেন। এই পাড়ার প্রায় এক হাজার মানুষ অনেক দিন ধরে পানির সমস্যায় ভুগছিল। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার ধরনা দিয়েও কাজ হয়নি। বছরখানেক আগে মকছুদ মিয়া এলাকায় একটি নলকূপ বসানোর কাজে সহযোগিতা করেন। পানি সমস্যা দূর হওয়ায় এই এলাকার লোকজন তাঁকে ভোট দিয়েছেন বলে জানান। ঘোনারপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন (৫০) বলেন, ‘অনেক দিন ধরে এলাকার সামাজিক অনুষ্ঠানে নানা ধরনের সহযোগিতা দিয়ে আসছেন মকছুদ মিয়া। বিশেষ করে এলাকার গরিব লোকজন চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চাইলে তিনি বিমুখ করেন না। এসব কারণে এলাকার লোকজন তাঁকে ভোট দিয়েছেন।’ নবনির্বাচিত মেয়র মকছুদ মিয়া প্রথম আলোকে বলেন, ‘জনগণের ভালোবাসার প্রতিদান পেয়ে নির্বাচিত হয়েছি।’ উন্নয়নবঞ্চিত পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন তিনি। তবে সাবেক মেয়র ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী সরওয়ার আজম নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করেছেন। পুঁটিবিলা মাদ্রাসা, মহেশখালী ডিগ্রি কলেজ ও মহেশখালী আর্দশ উচ্চবিদ্যালয় কেন্দ্রে পুলিশ ও পোলিং এজেন্টেরা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেছেন বলে তিনি অভিযোগ করেন। আর অভিযোগ নির্বাচনে ব্যাপক জালভোট পড়েছে। অবশ্য নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। মহেশখালী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ এবং নিরপেক্ষ হয়েছে। এ লক্ষ্যে আনসার ও পুলিশের পাশাপাশি র্যাব ও কোস্টগার্ড সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া প্রতি তিন কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিনজন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেছেন।’নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে রওশন আরা গফুর, ২ নম্বর ওয়ার্ডে খুরশিদা খানম ও ৩ নম্বর ওয়ার্ডে প্রীতি কণা শর্মা নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নয়টি সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে এবাদুল করিম (ঘুড়ি), ২ নম্বর ওয়ার্ডে আবু জাফর, ৩ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীন, ৪ নম্বর ওয়ার্ডে মং লায়েন, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সাহাব উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডে প্রণব কান্তি দে, ৭ নম্বর ওয়ার্ডে জামালুর রশিদ, ৮ নম্বর ওয়ার্ডে এম রফিকুল ইসলাম এবং ৯ নম্বর ওয়ার্ডে মো. খাইর হোসেন নির্বাচিত হন। মহেশখালী পৌরসভার নির্বাচন সমন্বয়কারী ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোহাম্মদ হুমায়ন কবির খন্দকার বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন এলাকার সাধারণ ভোটাররা।’