আ.লীগের ভোট চার ভাগ জিতে গেলেন জোট প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বিদ্রোহী প্রার্থীর কারণে কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী মুজিবুর রহমানের ভরাডুবি বলে ভোটাররা মনে করছেন। এই পৌরসভায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন চারদলীয় জোট-সমর্থিত প্রার্থী ও জামায়াত নেতা সরওয়ার কামাল। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, দলের বিদ্রোহী তিন প্রার্থী রাশেদুল ইসলাম, আবদুল খালেক ও নুরুল আবছার প্রায় আট হাজার ভোট পান। এর মধ্যে তৃতীয় অবস্থানে থাকা রাশেদুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার ৮৪ ভোট। উচ্চ আদালতের আদেশে নির্বাচন থেকে বিরত থাকা নুরুল আবছার পান দুই হাজার ১০০ ভোট। বিদ্রোহী প্রার্থী না থাকলে এই ভোট যোগ হতো মুজিবুর রহমানের হিসাবে। সে ক্ষেত্রে তাঁর (মুজিব) জয়লাভ সহজ হতো। নির্বাচিত মেয়র সরওয়ার কামাল পেয়েছেন ২১ হাজার ১৬ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান পান ১৮ হাজার ৮০২ ভোট। টেকপাড়ার ভোটার গিয়াস উদ্দিন জানান, নির্বাচনের মাত্র ছয় দিন আগে আওয়ামী লীগের নেতা ও এই পৌরসভার চারবারের নির্বাচিত মেয়র নুরুল আবছার মেয়র প্রার্থী হিসেবে টেলিফোন প্রতীক নিয়ে মাঠে নামলে ভোটের চিত্র পাল্টে যায়। এ সময় চারদলীয় জোট-সমর্থিত প্রার্থী সরওয়ার কামাল অনেকটা বেকায়দায় পড়েন। শেষ পর্যন্ত নুরুল আবছার মাঠে থাকলে মুজিব-সরওয়ার-আবছারের মধ্যে ত্রিমুখী লড়াই হতো। তখন আবছার অথবা মুজিব থেকে যেকোনো একজন মেয়র নির্বাচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু ভোটের দুদিন আগে উচ্চ আদালতের আদেশে নুরুল আবছারের নির্বাচন করা বন্ধ হয়ে গেলে তাঁর সমর্থক ভোটাররা হতাশ হন। এসময় বিরোধী পক্ষ সুযোগটি কাজে লাগিয়ে মাঠে প্রচার করে, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মুজিবুর রহমানই উচ্চ আদালতে রিট করেন। এতে নুরুল আবছারের সমর্থক-ভোটাররা মুজিবের ওপর ক্ষিপ্ত হয়ে অন্য প্রার্থীদের ভোট দেন। ফলে সরওয়ার কামালের জয়লাভ সহজ হয়। ভোটাররা জানান, সুশৃঙ্খল নির্বাচন পরিচালনা কমিটি, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের অক্লান্ত পরিশ্রম এবং বিএনপির সাংসদ লুৎফুর রহমান ওরফে কাজলের জনপ্রিয়তায় সরওয়ার কামাল মেয়র নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিতর্কিত নেতাদের নিয়ে চলাফেরা ও নেতা-কর্মীদের গা-ছাড়া ভাব মুজিবুর রহমানকে পেছনের দিকে নিয়ে গেছে। দলের বহু নেতা-কর্মী তাঁর জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত থেকে কেন্দ্রে নিষ্ক্রিয় ছিলেন। আবার অনেকে সক্রিয় ছিলেন বিদ্রোহী প্রার্থীর পক্ষে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন জানান, ‘টেকনাফ ও মহেশখালীর মতো কক্সবাজার ও চকরিয়া পৌরসভার মেয়র পদ দুটিতেও আমাদের প্রার্থীদের জয়লাভের সম্ভাবনা ছিল। কিন্তু একাধিক বিদ্রোহী প্রার্থীর জন্য সেটা সম্ভব হলো না। দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় কক্সবাজারের তিনজনসহ চকরিয়া ও মহেশখালীর মোট আট বিদ্রোহী প্রার্থীকে দুই দফায় দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় দলের সাত নেতাকেও বহিষ্কার করা হয়। এর মধ্যে মহেশখালীর এক বিদ্রোহী শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করে দলের মেয়র প্রার্থীর পক্ষ নিলেও অন্যরা মাঠে সক্রিয় ছিলেন।’ জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী জানান, ‘কক্সবাজারকে বিএনপির দুর্গ হিসেবে ধরে নেওয়া হয়। জেলার চারটি সংসদীয় আসনে গতবার দুটিতে বিএনপি এবং একটিতে জামায়াত প্রার্থী সাংসদ নির্বাচিত হয়েছেন। চারদলীয় জোটের নেতা-কর্মীরা আরও সক্রিয়ভাবে কাজ করলে এবং প্রশাসনযন্ত্র শুরু থেকে তৎপর থাকলে টেকনাফ ও মহেশখালীতেও আমাদের প্রার্থীর জয়লাভের সম্ভাবনা ছিল।’ নির্বাচিত মেয়র সরওয়ার কামাল জানান, দায়িত্ব গ্রহণের পরপরই তিনি পৌর শহরের যানজট নিরসনে বিকল্প সড়ক নির্মাণ ও রাস্তাঘাট উন্নয়নকাজে হাত দেবেন। কক্সবাজার পৌরসভাকে পর্যটনের আধুনিক ও পরিবেশবান্ধব মডেল শহর হিসেবে গড়ে তুলতে তাঁর নিরন্তর চেষ্টা অব্যাহত থাকবে।