আ.লীগের ভোট ভাগাভাগির সুযোগ নিতে পারে বিএনপি
রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ভোট ভাগাভাগির সুযোগ নিতে পারে বিএনপি। বিএনপি-সমর্থিত প্রার্থী ইমদাদুল ইসলাম দলীয় সমর্থন পাওয়া ও আওয়ামী লীগ-সমর্থিত তিন প্রার্থীর পক্ষে নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়ায় এ রকম মনে করছেন ভোটাররা।দলীয় সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে (দোয়াত-কলম) প্রচারণা চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মেয়র পদপ্রার্থী হয়েছেন পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরী (তালা) ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহাজান সিকদার (টেলিভিশন)। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকার ভোটার সুভাষ বড়ুয়া জানান, ভোটারদের প্রায় ৬০ ভাগ আওয়ামী লীগের সমর্থক। যাঁদের ভোটে অনায়াসে মেয়র নির্বাচিত হতে পারেন আওয়ামী লীগের একক প্রার্থী। কিন্তু বর্তমানে প্রার্থী তিনজন হওয়ায় দলের নেতা-কর্মী ও সমর্থকেরা তিন ভাগে বিভক্ত হয়ে মাঠে কাজ করছেন। ফলে নির্বাচনে জয়লাভের মতো সংখ্যাগরিষ্ঠ ভোট কোনো প্রার্থীর বাক্সে না যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী বলেন, ‘দলীয় সিদ্ধান্তে মেয়র পদপ্রার্থী হয়েছি। দলের নেতা-কর্মীরা আমার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। দলের অন্য দুইজন প্রার্থী হলেও নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে নেই। এ নিয়ে দলে কোনো বিভক্তিও নেই।’ পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের সময় পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে আমি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছি। এবারও দলের নেতা-কর্মীরা আমাকে সহযোগিতা করছেন।’ উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহাজান সিকদার বলেন, ভুল সিদ্ধান্ত দেওয়ায় এখানে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ হয়ে গেছে। যার সুযোগ নেওয়ার জন্য বিএনপির প্রার্থী নীরবে এগিয়ে যেতে পারে। তবে ভোটারেরা অনেক সচেতন, তাঁরা প্রার্থীর যোগ্যতাও দেখবেন। উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, দলের প্রার্থীরা কেউ কাউকে ছাড় না দিলে মেয়র নির্বাচনে উপজেলা নির্বাচনের মতো হয়তো আরও একটি পরাজয় হজম করতে হবে আওয়ামী লীগকে। অন্যদিকে বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ইমদাদুল ইসলাম (আনারস)। উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত বলেন, ‘মেয়র প্রার্থী ইমদাদুল ইসলামকে বিএনপির একক প্রার্থী হিসেবে কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে। দলের সিদ্ধান্ত অনুয়ায়ী দলের নেতা-কর্মীরা তাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। প্রার্থী ইমদাদুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ভোটারেরা নির্বিঘ্নে ভোট প্রয়োগ করতে পারলে আমি জয়ী হব।’এদিকে, স্বতন্ত্র প্রার্থী বিজয় কেতন বড়ুয়াও (দেয়ালঘড়ি) সমানে প্রচারণা চালাচ্ছেন।