আ.লীগের মূল প্রার্থীকেই বেছে নিলেন ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহী প্রার্থীর বদলে মূল প্রার্থীর পক্ষে বেশির ভাগ দলীয় নেতা-কর্মী ঐক্যবদ্ধ থাকায় আওয়ামী লীগের মূল প্রার্থী সন্দ্বীপ পৌরসভায় জয়ী হয়েছেন বলে জানা গেছে। এখানে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জাফর উল্ল্যা টিটু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১০ হাজার ৩৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী আলমগীর হোসাইন পেয়েছেন দুই হাজার ৩৩১ ভোট।বিজয়ী প্রার্থী জাফর উল্ল্যা টিটু বলেন, ‘দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করায় আমি জয় পেয়েছি। এ জন্য ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ।’ তবে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী মনে করেন, নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকেরা প্রচারণা চালাতে পারেননি। হুমকির কারণে অনেকে আগেই শহরে আশ্রয় নিয়েছেন। এ সুযোগে আওয়ামী লীগ প্রার্থীর একচেটিয়া বিজয় হয়েছে। নির্বাচনের দিন দুপুরে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম এবং বিএনপির আলমগীর হোসাইন নির্বাচন বর্জন করেন। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে নির্বাচন বর্জনের কারণ হিসেবে নয়টি কেন্দ্রের মধ্যে আটটিই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাফর উল্লাহ দখল করেছে বলে অভিযোগ করেন তাঁরা।তবে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আব্দুল হাই আল মাহমুদ প্রথম আলোকে বলেন, নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। ৭ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর সফিকুল মাওলা বলেন, জনগণ বিজয়ী করায় আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। জয়ী হওয়ার কারণে এখন জনগণের সেবা করার পথ সুগম হলো। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালমা বেগম বলেন, নির্বাচনে জয়ী হওয়ায় দায়িত্ব বেড়েছে। জনগণের পাশে থেকে যথাসাধ্য কাজ করার চেষ্টা থাকবে।