
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বাকি আরও চার মাস। এর মধ্যেই দৌড়ঝাঁপ শুরু হয়েছে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের। দলের মনোনয়ন পেতে কেন্দ্রের নজর কাড়ার চেষ্টায় আছেন তাঁরা। আর নগরের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও উঠান বৈঠক তো চলছেই। তবে জনমত জরিপে এগিয়ে থাকা নেতাকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে ঘোষণা দেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে আগ্রহী তিনজন হলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। তাঁদের মধ্যে এ বি এম মহিউদ্দিন চৌধুরী তিন মেয়াদে মেয়র ছিলেন।
নগর কমিটির জ্যেষ্ঠ নেতারা জানান, তিনজনই এখন জনসংযোগ বাড়িয়ে দিয়েছেন। যোগাযোগ রাখছেন তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে। এদিকে এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছিরউদ্দিন গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে মেয়র নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে কি না, তা দুজনের কেউই নিশ্চিত করেননি।
আওয়ামী লীগের প্রার্থী বাছাই ও ঘোষণা আসতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে কেন্দ্রীয় নেতারা ইঙ্গিত দিয়েছেন। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রাম নগরে জনমতের পাল্লা যাঁর দিকে ভারী, তিনি মনোনয়ন পাবেন। এ ব্যাপারে সরকারি এজেন্সি ও বেসরকারি প্রতিষ্ঠান জরিপ করছে। জরিপে যিনি এগিয়ে থাকবেন, তাঁর ব্যাপারে দলীয় ফোরাম বৈঠকে বসে সিদ্ধান্ত দেবে। এই ঘোষণা শোনার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনার আবদুল মোবারক গত বছরের ৭ আগস্ট চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন পরিদর্শনের সময় চলতি বছরের এপ্রিল বা মে মাসে নির্বাচন হতে পারে বলে আভাস দিয়েছিলেন। ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ রেখেছে কমিশন। ২০১০ সালের ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মেয়র নির্বাচিত হন বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মন্জুর আলম।
সরেজমিনে দেখা গেছে, আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আ জ ম নাছিরউদ্দিনের সমর্থনে নগরে বিভিন্ন জায়গায় ব্যানার-ফেস্টুন ও পোস্টার সাঁটানো হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র ও বিএনপির কয়েকজন সম্ভাব্য প্রার্থীর পোস্টারও রয়েছে।
নেতা-কর্মীরা জানান, মেয়র পদে নির্বাচন করতে সামাজিক অনুষ্ঠানে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন নগর আওয়ামী লীগের শীর্ষ তিন নেতা। তফসিল ঘোষণার আগেই ভিন্ন কৌশলে আগাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাঁরা। নির্বাচনে মেয়র পদে দলের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনজনই আশাবাদী। ইতিমধ্যে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন আসন্ন মেয়র নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। নগরের বিভিন্ন সভা-সমাবেশে নিজেদের প্রার্থী হিসেবেও ঘোষণা দিয়েছেন তাঁরা। সম্প্রতি মহিউদ্দিন চৌধুরী ঘোষণা দিয়েছেন, তিনি অথবা আ জ ম নাছিরের যেকোনো একজন দলের পক্ষ থেকে মেয়র নির্বাচনে অংশ নেবেন। এ ছাড়া প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি নিজ বাসভবনে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেছিলেন মহিউদ্দিন চৌধুরী। সেখানে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি পেশাজীবীদেরও আমন্ত্রণ জানানো হয়।
মাঠে থাকলেও নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে এখনো প্রকাশ্য কিছু বলছেন না সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। ভিন্ন কৌশলে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনিও। প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক করছেন ছালাম। এদিকে আ জ ম নাছিরউদ্দিন সম্প্রতি গণমাধ্যম ও বিভিন্ন অনুষ্ঠানে মেয়র নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন। গত বছরের ১৮ জুলাই চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের প্রবেশপথে এম এ আজিজের ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে মেয়র নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
জানতে চাইলে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘রিকশাচালক-ট্যাক্সিচালক, পরিবহন শ্রমিক, পেশাজীবী নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ আমার সঙ্গে দেখা করছেন। আমি যেন আবার প্রার্থী হই—সেই রকম চাপ আসছে চারদিক থেকে। তিন মেয়াদের মেয়র ছিলাম আমি। চট্টগ্রামকে সৌন্দর্য নগরে পরিণত করতে আমি অক্লান্ত পরিশ্রম করেছি।’
আবদুচ ছালাম বলেন, ‘স্বাধীনতার পর চট্টগ্রামে এমন উন্নয়নকাজ নগরবাসী দেখেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজ হাতে নিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী সব কিছু করছেন। আমি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের চিত্র প্রতিটি ওয়ার্ডে তুলে ধরছি।’ এসব নির্বাচনী প্রচারণা কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরছি। নির্বাচনে যাঁকে প্রার্থী করা হবে, তাঁর জন্য আমি কাজ করব।’