আ.লীগের ১২ মাদ্রাসা প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯টি বৌদ্ধবিহার তৈরির পাশাপাশি কক্সবাজারের বিভিন্ন স্থানে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ১২টি মাদ্রাসা তৈরির প্রকল্প হাতে নিয়েছে বর্তমান সরকার। ৩ সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়া উচ্চবিদ্যালয় মাঠে দলীয় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। প্রতিটি মাদ্রাসা তৈরিতে ৬৭ লাখ ২৫ হাজার থেকে এক কোটি ২২ লাখ টাকা খরচ হবে।
মাদ্রাসাগুলো হচ্ছে কক্সবাজার সদরের ভোমরিয়াঘোনা হাজি শফিক মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কক্সবাজার তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, তেতৈয়া আলিম মাদ্রাসা, আদর্শ মহিলা কামিল মাদ্রাসা, কুতুবদিয়া ইমাম আবু হানিফা দাখিল মাদ্রাসা, ধলঘাটা হোছাইনিয়া দাখিল মাদ্রাসা, মহেশখালী বদরুল উলুম দাখিল মাদ্রাসা, টেকনাফ কাটাখালী রওজাতুন নবী (স.) দাখিল মাদ্রাসা, বাহারছড়া দাখিল মাদ্রাসা, চকরিয়া উম্মাহাতুল মোমেনিন মহিলা মাদ্রাসা, হজরত ফাতেমা (রা.) দাখিল মাদ্রাসা, পেকুয়া রাজাখালী বিইউআই ফাজিল মাদ্রাসা।
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ধর্ম নিয়ে হেফাজতে ইসলাম ও জামায়াত-বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অপপ্রচার চালায়। অথচ আমাদের সরকারের আমলেই মাদ্রাসা-মসজিদের বেশি উন্নয়ন হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মিনারসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার নানামুখী উন্নয়ন করা হয়েছে। অথচ তারা ইসলামের কথা বলে সেই বায়তুল মোকাররমে হামলা চালিয়েছে। আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে শত শত পবিত্র কোরআন। কক্সবাজারের মাদ্রাসাগুলো দ্রুত তৈরি করে দেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী সমীর কুমার রজক দাস বলেন, ১২টি মাদ্রাসার জন্য প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের আদলে তৈরি হবে দ্বিতলবিশিষ্ট প্রতিটি মাদ্রাসা। আগামী অক্টোবর মাসে মাদ্রাসা তৈরির কাজ শুরু হবে এবং পরবর্তী নয় মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করা হবে। এ রকম প্রকল্প এর আগে গ্রহণ করা হয়নি বলে তিনি মন্তব্য করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর রামু এবং পরদিন উখিয়া ও টেকনাফে বিভিন্ন বৌদ্ধবিহার ও মন্দিরে অগ্নিসংযোগ করে উগ্র ধর্মান্ধগোষ্ঠী। সরকার প্রায় ২০ কোটি টাকা খরচ করে ১৯টি বৌদ্ধবিহার পুনর্নির্মাণ করে। মসজিদ-মাদ্রাসার উন্নয়ন নিয়ে এলাকায় কথা উঠলে সরকার এসব মাদ্রাসা তৈরির প্রকল্প হাতে নেয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘বৌদ্ধবিহারের উন্নয়নের সঙ্গে এই মাদ্রাসা উন্নয়ন প্রকল্পের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ সরকার মসজিদ-মাদ্রাসার উন্নয়ন করলেও উল্টো অপপ্রচার চালানো হয়। অথচ বিএনপির আমলে এ জেলায় এ রকম মাদ্রাসা তৈরির কোনো নজির নেই।’