আ.লীগ-বিএনপির প্রচারণার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উপনির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। প্রার্থী হিসেবে কাগজে-কলমে তিনজনের নাম থাকলেও প্রতিদ্বন্দ্বিতায় আছেন দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী।
গত ৩০ মে এই উপজেলার চেয়ারম্যান একরামুল হক দুর্বৃত্তদের গুলিতে নিহত হলে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। ২১ সেপ্টেম্বর এই পদে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল অলিম। বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করছেন জেলা জাতীয়তাবাদী তঁাতী দলের আহ্বায়ক ও একরাম হত্যা মামলার অন্যতম আসামি মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরী। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম।
৮ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নয়জন প্রার্থীর মধ্যে ছয়জন তঁাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে, বর্তমানে তিনজন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে টিকে থাকলেন।
৯ সেপ্টেম্বর সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আবদুল আলিম পেয়েছেন দোয়াত-কলম, মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী পেয়েছেন আনারস এবং মো. সেলিম পেয়েছেন কাপ-পিরিচ।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর ওই দিন বিকেল থেকে শুরু হয় প্রচারণা। আওয়ামী লীগের প্রার্থী আবদুল অলিম বাড়ি বাড়ি গিয়ে ভোটরদের সঙ্গে গণসংযোগ করছেন। ভোট ও দোয়া চাইছেন। পাশাপাশি তঁার সমর্থকেরা মাইকিংও করছেন।
মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরীর পক্ষে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা গণসংযোগ করছেন। অপর প্রার্থী মো. সেলিমকে মাঠে দেখা যায়নি।
গত ৩১ আগস্ট ১০ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। ৩ সেপ্টেম্বর বাছাইকালে একজনের মনোনয়নপত্র বাতিল হয়। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক জানান, প্রার্থীদের মধ্যে ছয়জন মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে তিনজন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।
আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী আবদুল আলিম বলেন, ‘দলীয় সমর্থন ছাড়াও এলাকাবাসীর সমর্থন পেয়েছি। গত দুবার উপজেলা নির্বাচনে মানুষ আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীকে ভোট দিয়েছেন। এবারও ভোটাররা আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীকেই ভোট দেবেন।’
বিএনপি–সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী বর্তমানে কারারুদ্ধ থাকায় তঁার পক্ষে প্রচারণা চালাচ্ছেন দলের নেতা-কর্মীরা। ফুলগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী এ বিষয়ে বলেন, দলীয় নেতা–কর্মীরা সবাই একজোট হয়ে মাঠে নামবে। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে বেগম জিয়ার নিজ নির্বাচনী এলাকায় ভোটাররা বিএনপি–সমর্থিত প্রার্থীকে জয়যুক্ত করবেন।
স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম বলেন, ‘যেহেতু প্রার্থী হয়েছি, সে কারণে ভোটারদের কাছে ভোট চাইব, প্রচারণাও চালব।’
প্রসঙ্গত, গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় দুর্বৃত্তরা একরামুল হকের গাড়ি থামিয়ে তঁাকে কুপিয়ে, গুলি করে এবং পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক বাদী হয়ে বিএনপির নেতা মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ৩২ জনকে গ্রেপ্তার করে।