আঁকাআঁকি খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যটা সবে পশ্চিমে হেলতে শুরু করেছে। আমরা ততক্ষণে পৌঁছে গেছি ধানমন্ডি লেকের ৮ নম্বর ব্রিজে। লেকে সারি সারি মানুষের সমাগম। নানা বয়সী মানুষ আসে এখানে। এরই মধ্যে দেখি ১৪-১৫ জন ছেলেমেয়ে এখানে-ওখানে বসে নিবিষ্টমনে কী যেন করছে আর ওদের ঘিরে দাঁড়িয়ে আছে কিছু কৌতূহলী মানুষ। কী করছে তারা—জানার জন্য এগিয়ে যাই ওদের দিকে। ওরা ছবি আঁকছে আর তাতেই ওদের সম্পূর্ণ মনোযোগ। ওরা ইউডার শিক্ষার্থী। ইউডা হচ্ছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ। সাবাই চারুকলা বিষয়ে পড়ে। সেই চারুকলা ক্লাসেরই একটা অংশ হিসেবে তারা গত ২২ থেকে ২৬ জুন পর্যন্ত এখানে বসেছিল নিজেদের অঙ্কন প্রতিভা নিয়ে।চারুকলায় পড়ুয়া মানেই তো শিল্পী। এই শিল্পীসত্তারই বিকাশে তারা এসেছিল লেকের ধারে ক্লাস করতে। ‘আমাদের আঁকতে হবে ল্যান্ডস্কেপ। বিষয় প্রকৃতি। স্যাররা স্থান ঠিক করে দিয়েছেন। এরপর আমরা নিজেরাই ঠিক করে নিয়েছি কে কী আঁকব। কেউ একটা গাছ নিলে অন্যরা অন্য গাছ বেছে নিয়েছি বিষয়বস্তু হিসেবে।’—নিজেদের কার্যপ্রক্রিয়া বর্ণনা করছিলেন সামী, সাঈদেরা। তাঁরা সবাই তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।নয়ন ত্রিপুরার আঁকা ল্যান্ডস্কেপটা সত্যিই আকর্ষণীয়। গাছ আছে, মানুষ আছে। নেই কেবল পাখি। না, তাতে এই শিল্পকর্মটির আবেদন বিন্দুমাত্র কমাচ্ছে না। অনামিকা সুর যে রকম স্বতঃস্ফূর্তভাবে কাজটি করছিলেন, তাতে বোঝাই যাচ্ছিল, তিনি কতটা মজা পাচ্ছেন। ‘দেশের বাড়ি আমার ঢাকায়ই। কোর্ট-কাচারিতে মা-বাবার সঙ্গে থাকি। রোজ বাসা থেকে এসে ক্লাস করি। ক্লাসের প্রয়োজনে আমাদের মাঝেমধ্যে কোথাও না কোথাও যেতে হয়। কখনো লালবাগ কেল্লা তো কখনো আহসান মঞ্জিল।’ এমন ভ্রমণ তো তাঁদের হতেই থাকে। কাজপ্রিয় মানুষজন মোটেও নীরস নয়। একসঙ্গে দুই কাজই হয় তখন। ক্লাসও করা হয় আবার ঘোরাও হয়।ফেনীর মেয়ে তৃষ্ণা দাস। থাকেন ঢাকায়ই মা-বাবার সঙ্গে। ‘হ্যাঁ, খুব ভালো লাগছে কাজটা করতে। দুই দিন থেকে কাজটা করছি। সকাল সাতটায় আসি, ফিরি প্রায় পাঁচটায়। কাজ করতে আমরা এতই ব্যস্ত হয়ে উঠি যে অনেক সময় দুপুরে খাওয়াই হয়ে ওঠে না। কাজ ফেলে খাব কী করে। একেবারে কাজ শেষ করে খাই, তাতে যত দেরিই হোক।’শিক্ষকেরাই ঠিক করে দেন বিষয়, তবে যদি কেউ চান তবে অন্যটাও নিতে পারেন। প্রত্যেকেই আঁকছিলেন ল্যান্ডস্কেপ, তবে ব্যতিক্রমী ছিলেন কেবল রাজীব সরকার। তিনি নিজ থেকেই বেছে নিয়েছেন ছাপচিত্র। বেশ কঠিন কাজটা, অনেক পরিশ্রমেরও। তবে তা কি শিল্পমনে কোনো পরিবর্তন আনে? ‘আমি এটাই করব ভেবেছি। আমার কাজ কেবল কোনো কিছুর ফিগার ড্রইং করা। আমি এই ছাপচিত্র বেছে নিয়েছি। কারণ, আমি যদি ল্যান্ডস্কেপ করতাম, তবে তা একটা মাত্র কপি হতো। কিন্তু আমার এ কাজটা আমি অনেকগুলো প্রিন্ট করাতে পারব।’এতসব সাধারণের মধ্যেও কিছু সম্পূর্ণ ব্যতিক্রম থেকে যায়। পরান চাকমা সে রকমই একজন। সবাই যখন গাছপালায় ভরপুর লেকের একদিককে বেছে নিয়েছেন, তিনি তখন নিয়েছেন লেকের খোলামেলা অন্য দিকটাকে। তাঁর ভাষায়, ‘সবার দৃষ্টিভঙ্গি তো আর এক নয়। তাদের এদিকটা ভালো লেগেছে, আমার ওদিকটা ভালো লেগেছে। আমার মন যেখানে নান্দনিকতা পাবে, সেখানেই কাজ করা ভালো নয় কি?’কাজের ফাঁকে ফাঁকেই আড্ডা হয় তাঁদের। ‘কাজের ফাঁকেই আমরা সবাই একসঙ্গে মজা করি। আবার একে অন্যের সমালোচক হিসেবেও কাজ করি। কার কাজে কী ভুল আছে আর কী করলে কাজটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে, তা আমরাই বলে দিই। আমরা খুব উপভোগ করি আমাদের কাজকে।’—এমন কথাই বলছিলেন নয়ন ত্রিপুরা। কোথায় পেলেন তাঁরা এত প্রতিভা, ভাবতে ভাবতে আমরা ঘরে ফিরি আর তাঁরা মাতেন আবার ছবি আঁকতে, আবার সমালোচনা করতে, আবার কাজের মধ্যেই আড্ডা দিতে।