আমার একটা আঁতেল বন্ধু আছে। আঁতেল বন্ধুটির সঙ্গে আমার পরিচয় কলেজে। একজন অবাধ্য ছাত্র হিসেবে ক্লাস না করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। নবীনবরণের পরদিন থেকেই আমরা সব বন্ধু অতি উৎসাহের সঙ্গে আমাদের দায়িত্ব পালনে ব্রতী হই। সকালে প্রাইভেট পড়তে বের হতাম। ওখানে আর সব বন্ধুর সঙ্গে আঁতেল বন্ধুটিও থাকত।প্রাইভেট শেষে আমরা সব বন্ধু অবশ্যকরণীয় হিসেবে প্যারেড মাঠে আড্ডা দিতাম। ঝালমুড়ি খেতাম। কিন্তু আমাদের আঁতেল বন্ধুটি এসব গুরুদায়িত্বকে বুড়ো আঙুল দেখিয়ে কলেজে চলে যেত। আমরাও মাঝেমধ্যে পালা করে ক্লাসে যেতাম প্রক্সি দেওয়া এবং পেছনের বেঞ্চে বসে গান গাওয়া—এই জাতীয় কাজ করতে। সে ক্লাসে গিয়ে প্রথম সারিতে বসত। এভাবেই চলছিল কলেজজীবন। আঁতেল বন্ধুটিকে আমাদের গা-সওয়া হয়ে যেতে লাগল। এইচএসসি পরীক্ষাটাও হয়ে গেল। এরপর এল বিশ্ববিদ্যালয় ভর্তির সময়। আমরা সব বন্ধু মিলে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি হলাম। শুধু সে গেল মেডিকেল কোচিংয়ে। না, মানবসেবায় নিজের জীবন উৎসর্গ করার লক্ষ্যে নয়, শুধু পড়তে। প্রকৌশলবিদ্যার পড়াশোনা নাকি খুবই কম। এত কম পড়ে নাকি তার জীবন কাটবে না।যা হোক, পাকেচক্রে আজ সে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং আমার সহপাঠী। যদিও ভিন্ন বিভাগে। নবীনবরণের দিন তার সঙ্গে দেখা। পরদিন থেকেই ক্লাস শুরু, সেই খুশিতে তার চোখমুখ যেন ঝলমল করছে। সবার মুখে তখন এককথা, প্রথম সেমিস্টারে কার কত ক্রেডিট পড়তে হবে।সেদিন তার সঙ্গে আমার কথোপকথন ছিল অনেকটা নিম্নরূপ: —দোস্ত, সব আরাম শেষ। কালকে থেকে আবার ক্লাস। ক্লাস না করলে বলে আবার নম্বরও কাটা যাবে।—এটাই তো ভালো সিস্টেম। তুই একবার ভাব যদি কলেজে এই ব্যবস্থা চালু করা যেত তাহলে কেউ কি আর ফাঁকি দিতে পারত?—ভাই, যে ফাঁকি দেওয়ার সে তো ফাঁকি দেবেই। বাদ দে এসব কথা।এরপর অনেক দিন আমার আঁতেল বন্ধুটির সঙ্গে কথা হয় না। রাস্তায় ও ক্যাম্পাসে যেখানেই দেখা হোক না কেন; সে কেমন যেন একটু এড়িয়ে চলে। ক্যানটিনের আড্ডায়ও সে সমানভাবে অনুপস্থিত। তার ডিপার্টমেন্টের অন্যদের কাছ থেকে খবর পাই সে এখন শুধু দুটি কাজ করে।এক. চুটিয়ে পড়ালেখা করা; যা অত্যন্ত স্বাভাবিকএবং দুই. প্রেম! যা অত্যন্ত অস্বাভাবিক।কারণ, তার মতো জ্ঞানপিপাসু একজন মহামানব যে কিনা ডায়রিয়া হলে দুঃখিত হয় এই ভেবে, এর ফলে তাকে টয়লেটে বেশি সময় থাকতে হবে এবং তার পড়াশোনার সময় নষ্ট হবে; সে প্রেম নামক ফালতু আবেগের জন্য সময় নষ্ট করবে—সেটা আমাদের বন্ধুদের কাছে অতিশয় অবিশ্বাস্য ঘটনা।যা হোক, এর পর থেকে প্রায়ই তাকে ক্যানটিনে দেখা যেত এবং অবশ্যই আমাদের সঙ্গে নয়।‘দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী’ স্টাইলে তার প্রেমিকার সঙ্গে।দুর্জয় বৈদ্য পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ, চুয়েট।