আঁধার ঘোচেনি আধারমানিক বিদ্যালয়ের
সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই চলছে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের প্রত্যন্ত আধারমানিক গ্রামের একমাত্র নিম্নমাধ্যমিক বিদ্যালয়। আধারমানিক পিসিডি নিম্নমাধ্যমিক বিদ্যালয় নামের এ সেমিপাকা শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শ্রেণীকক্ষ আছে দুটি। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১২০ জন। এমপিওভুক্ত না হওয়ায় এলাকাবাসীর দানের টাকায় শিক্ষকদের বেতন দিতে হয়। পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষা উপকরণের অভাবে ব্যাহত হচ্ছে পাঠদান।১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে হাঙ্গরকুল, সেনের চর, আধারমানিক, লালারখিলসহ লোহাগাড়া ও বান্দরবান জেলার টংকাবতী ইউনিয়নের শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে পড়তে আসে। দুর্গম এলাকা থেকে প্রায় ছয়-সাত মাইল পায়ে হেঁটে বিদ্যালয়ে আসতে হয় বহু শিক্ষার্থীকে। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, এক একর ৫০ শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়ে ১২০ জন শিক্ষার্থীর জন্য শ্রেণীকক্ষ রয়েছে মাত্র দুটি। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিনটি শ্রেণীতে ১০টি বিষয় পড়ান মাত্র ছয়জন শিক্ষক। বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তন, পাঠাগার, বিজ্ঞান গবেষণাগার নেই। বর্তমানে বিদ্যালয়ে প্রধান শিক্ষক তিন হাজার ও বাকি পাঁচজন শিক্ষক দুই হাজার টাকা করে সম্মানী পান। এই টাকায় শিক্ষকদের সাংসারিক ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে। বিদ্যালয়টি এখনো শিক্ষা বোর্ডের স্বীকৃতি পায়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৩ সালে এমপিওভুক্তির আবেদন করলেও এখনো কোনো সাড়া পাননি বলে জানান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন নন্দী বলেন, ‘বিদ্যালয়টি এমপিওভুক্ত হবে এ আশায় ১৮ বছর পার করেছি। আর কত ধৈর্য রাখা যায়।’অভিভাবক আবুল বশর ও হাবিবুর রহমান বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের চাঁদার টাকায় ছয়জন শিক্ষকের বেতনভাতা দেওয়া হয়। এ বিদ্যালয়টি বন্ধ হলে আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের লেখাপড়াও বন্ধ হয়ে যাবে।’বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রেজাউল করিম বলেন, ‘পাঠদানের অনুমতি থাকলেও স্বীকৃতি না থাকায় ২০০৩ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়নি। এ ব্যাপারে পুনরায় আবেদন করেছি।’লোহাগাড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব বলেন, ‘আশপাশের ছয়-সাত কিলোমিটারের মধ্যে আর কোনো উচ্চবিদ্যালয় নেই। এ জন্য বিদ্যালয়টি বহু শিক্ষার্থীর ভরসা।’লোহাগাড়া উপজেলার চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, ‘এ এলাকার শিক্ষা বিস্তারে আধারমানিক বিদ্যালয়ের বিকল্প নেই। এটি এমপিওভুক্ত হওয়া খুবই প্রয়োজন। ভবন নির্মাণ ও আসবাবপত্রের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।’