আংটি-রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজনের নেশা, আরেকজনের পেশা, তবে লক্ষ্য একটাই: দুষ্টের দমন আর শিষ্টের পালন। প্রথমে দুজনের একজন ছিলেন সরকারি চাকুরে, আরেকজন মুক্ত-বিহঙ্গ ‘ফ্রি-ল্যান্স’। বর্তমানে দুজন সিআইডির কর্মকর্তা। একজন ওয়াহিদুজ্জামান, দ্বিতীয়জন সোহানুর রহমান। দুজন ভালো বন্ধু। একদিন দুজনকে জরুরি এক কেসের তদন্তের জন্য ডাকা হলো। দুজনে পুলিশের গাড়িতে গিয়ে বসলেন। ঘটনা সম্পর্কে তাঁদের সাহায্য করতে আগে থেকেই গাড়িতে ইন্সপেক্টর বোরহান বসে ছিলেন। সোহান তাঁকে জিজ্ঞেস করলেন, ‘কেসটা কী? কোথায় যেতে হবে?’ বোরহান বলতে শুরু করলেন, ‘কেসটা একটি হিরের আংটি চুরি যাওয়ার। মিরপুরের সবচেয়ে বড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, যাঁর বয়স ৮০ বছর, তাঁর একটি হিরের আংটি চুরি গেছে।’ ওয়াহিদুজ্জামান বোরহানকে প্রশ্ন করলেন, ‘কোনো তথ্য পাওয়া গেছে ঘটনাস্থল থেকে?’ বোরহান বললেন, ‘জাহাঙ্গীর আলমের কম্পিউটার ডেস্ক থেকে একটা কাগজ পাওয়া গেছে, এর ভেতর কিন্তু তথ্য পাওয়া যেতে পারে।’ কথা বলতে বলতে গাড়ি মিরপুর পৌঁছাল। তাঁরা বাড়ির ভেতর ঢুকলেন। বাড়িতে ঢুকতেই বৈঠকখানায় আলম সাহেবের বড় একটা ছবি। আলম সাহেবের স্টাডিরুমে সবকিছু এলোমেলো। ওয়াহিদ ও সোহান কিছুক্ষণ ধরে ঘরটা ভালো করে দেখে নিলেন। তারপর তাঁরা বিস্তারিত শুনলেন। ঘটনা সংক্ষেপে এ রকম:চুরির দিন বাড়ির গৃহকর্ত্রী শারিকা আলম তাঁর এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গৃহকর্তা জাহাঙ্গীর আলম যাননি। কারণ, তাঁর ভাষায়, তিনি ডান্ডা-প্রাণ। ডান্ডা মানে হাতের প্রিয় ছড়িটি ছাড়া চলাচলে তাঁর অসুবিধা হয়। ওটা তার সর্বক্ষণের সঙ্গী চুরির সময় তিনি তাঁর স্টাডিরুমে বসে কম্পিউটারে কাজ করছিলেন। হঠাৎ দোরঘণ্টি বাজল। তিনি কষ্ট করে গিয়ে দরজা খুলতেই দুজন মুখোশ পরিহিত চোর আলম সাহেবকে ধাক্কা দিয়ে ফেলে বেধড়ক মারতে শুরু করল। তারা তাঁকে আংটি সম্পর্কে প্রশ্ন করল। তিনি মার সহ্য করতে না পেরে বললেন, দোতলায় আলমারিতে রয়েছে। আলম সাহেব কিন্তু মিথ্যা বলেছিলেন। কারণ, হিরের আংটিটা লুকানোর কিছুটা সময় পাবেন। তিনি অনেক কষ্টে তাঁর স্টাডিরুমে গিয়ে কম্পিউটারে লেখালেখি শুরু করলেন। আলম সাহেব এখন হাসপাতালে, তাঁর কিছুই মনে নেই।সোহান বোরহানকে প্রশ্ন করলেন, ‘এমন কি কোনো সূত্র আছে, যার দ্বারা প্রমাণ হয় মাথায় বাড়ি খাওয়ার পর আলম সাহেব আংটি লুকিয়ে রাখতে পেরেছেন। নাকি আংটি নিয়ে চোর দুটো পালিয়েছে।’ বোরহান বললেন, ‘আলম সাহেবের কিছুই মনে পড়ছে না। শেষ ভরসা এখন কম্পিউটারে প্রিন্ট আউট নেওয়া এই কাগজ।’কাগজটায় কী লেখা আছে ওয়াহিদ তা পড়তে শুরু করলেন:...‘হোঁতকা চেহারার দুজন লোক আমার আংটি চুরি করতে এসেছে। গোটা বাড়ি তছনছ করে ফেলেছে। তারা এমনকি পুকুরও কাটল। কোনোভাবেই আংটি পেল না। তারা আবার আমাকে মারতে শুরু করল। আমি হয়তো মারা যাচ্ছি, তাই বলে যাচ্ছি যে ওই আম আমি লুকিয়ে রেখেছি। পান্ডার ভেতর খুঁজলেই পাবে।’সোহান বললেন, অক্টোবর-নভেম্বরে আম আসবে কোথা থেকে। আবার পান্ডার ভেতর খুঁজতে বলা হয়েছে। কিন্তু বাংলাদেশে পান্ডা কোথায়? আবার সারা বাড়িতে কোনো কাপড়, তুলার বা মাটির পান্ডাও নেই। তাহলে...?বোরহান বললেন, কাগজে লেখা আছে ‘তারা পুকুরও কাটল’। কিন্তু দুজনে মিলে একটা পুকুর কাটা সম্ভব? মোটেই না।সোহান বললেন, ‘এই কথাগুলো চোরেরা লিখে রেখে যায়নি তো? আমাদের বিভ্রান্ত করার জন্য?’নিশ্চুপ ওয়াহিদ এতক্ষণে মুখ খুললেন। তিনি বললেন, ‘পেয়েছি, আমি পেয়েছি। এই চিঠিটা আলম সাহেবই লিখেছেন।’ তারপর ওয়াহিদ সব রহস্যজট বলতে লাগলেন। তিনি বললেন, ‘আলম সাহেব মাথায় বাড়ি খাওয়ার পর কম্পিউটারে কিছু লিখতে ভুল হওয়াটা স্বাভাবিক। তিনি দ্রুত হাতে লিখছিলেন। আবার তাঁর বয়সও বেশি। হাত নিশ্চয়ই কাঁপছিল। প্রথম ভুল ‘তারা পুকুরও কাটল’। আলম সাহেব বোঝাতে চেয়েছেন পুতুলও কাটল। আমি তাঁর টেবিলে একটি গলাকাটা বারবি ডল দেখেছি। আসল ব্যাপারটা হচ্ছে, বিজয় কিবোর্ডে ‘ক’-এর পাশের বোতাম ‘ত’। ভুল করে ‘ত’-এর বদলে ‘ক’-তে চাপ পড়েছে। ‘র’ আর ‘ল’-এর ব্যাপারটাও তাই। তারপর তিনি বলেছেন, ‘তাই বলে যাচ্ছি যে ওই আম আমি লুকিয়ে রেখেছি। পান্ডার ভেতর খুঁজলেই পাবে।’এখানে সবচেয়ে বড় ভুল হলো, আলম সাহেব আংটি কথাটি লিখতে ভুলে গেছেন। তারপর ‘আমি’ লিখতে গিয়ে -িকার দিতে ভুলে গেছেন। আবার সেটা শুদ্ধ করতে গিয়ে নতুন করে আমি লিখেছেন। কিন্তু ‘আম’ শব্দটি কাটতে ভুলে গেছেন। পুরো বাক্যটা হবে ‘ওই আংটি আমি লুকিয়ে রেখেছি।’এবার আসা যাক পান্ডা প্রসঙ্গে। এখানেও মনে হচ্ছে টাইপের ভুল। ডান্ডার জায়গায় পান্ডা হয়েছে। কারণ ‘প’ আর ‘ড’ বিজয় কিবোর্ডের পাশাপাশি বোতাম। মনে হচ্ছে, আংটিটা আলম সাহেবের ডান্ডার ভেতর পাওয়া যেতে পারে। ছড়ির ভেতরের ফাঁপা অংশে হিরের আংটি পাওয়া গেল।  মো. আবদুর রহমান আশুলিয়া, সাভার, ঢাকা।