আইআইইউসিতে পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঘের শীতের সকাল। বইছে হিমেল হাওয়া। তার পরও সবকিছু ছাপিয়ে হাজির তরুণীরা। ঘন কুয়াশার চাদরে ঢাকা ক্যাম্পাসে যেন উৎসবের আমেজ। চারদিকে পিঠাপুলির ম-ম গন্ধ।১৫ জানুয়ারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ক্যাম্পাসে বিজনেস ক্লাব আয়োজন করে জমজমাট পিঠা উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির অধ্যাপক ফরিদ আহমেদ সোবহানী। তিনি বলেন, বাঙালি জাতির ঐতিহ্যকে ধরে রাখা ও নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়েই আয়োজন করা হয়েছে এ পিঠা উৎসবের। এর মাধ্যমে ছাত্রীদের সৃজনশীলতা বিকাশের সঙ্গে সঙ্গে ব্যবসায় উদ্যোগ গ্রহণের মনোভাব সৃষ্টি হবে।বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রধান আবদুল হামিদ চৌধুরী ও সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান। বক্তব্য দেন বিজনেস ক্লাবের আহ্বায়ক সহকারী অধ্যাপক নিজামুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাশরুরুল মাওলা ও মো. ইব্রাহিম।উৎসবে পল্লির সাতকাহন, বঙ্গীয় পিস্টক, সাত কন্যার পিঠাঘর, পিঠা শৈলীসহ মোট ১৫টি স্টল অংশ নেয়। স্টলের নামে যেমন বৈচিত্র্য, তেমনি ছিল রকমারি পিঠাও।এর মধ্যে উল্লেখযোগ্য নকশি পিঠা, হূদয় হরণ, পদ্ম খাজা, ঝাল কেক, আতীক্ষা পিঠা, পাকন, চিতই প্রভৃতি। উৎসবে আসা বিবিএর শিক্ষার্থী সামা মারিয়াম বলেন, ‘শীত শুরু হয়ে যাই যাই করছে। অথচ এখনো পিঠা খাওয়া হয়নি। এ উৎসবের আয়োজন করায় একসঙ্গে নানা স্বাদের অনেক পিঠা খাওয়া হলো। উৎসবে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।’ এতে গান, নাটক, আবৃত্তি ও কৌতুক পরিবেশন করেন আন্নি, তিন্নি, কোহিনুর, মাইসা, রাইসুন, পুষ্পসহ আরও অনেকে।