আইআইইউসির তথ্যপ্রযুক্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) কম্পিউটার ক্লাব ১০ দিনের তথ্যপ্রযুক্তি উৎসবের আয়োজন করেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত এ উৎসবের নাম দেওয়া হয়েছে ‘আইবিবিএল-আইআইইউসি আইটি ফেস্টিভ্যাল ২০১১’। ৪ মে নগরের সিরাজদ্দৌলা সড়কের একটি সামাজিক কেন্দ্রে (কমিউনিটি সেন্টার) উৎসবের উদ্বোধন করেন আইআইইউসির উপাচার্য মো. মাহবুব উল্লাহ। তিনি বলেন, ‘বর্তমানে সবাই তথ্যপ্রযুক্তি তথা কম্পিউটারের ওপর নির্ভর হয়ে পড়ায় বইপত্র পড়ার প্রবণতা কমে এসেছে। ফলে সৃজনশীলতার বিকাশ ঘটছে না। কারণ বইপত্র না পড়লে বিশ্লেষণের ক্ষমতা গড়ে ওঠে না।’ তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিজ্ঞানে দক্ষতা অর্জনের পাশাপাশি শিল্প-সাহিত্য ও দর্শনের পাঠাভ্যাসেও মনোযোগী হওয়ার পরামর্শ দেন। আয়োজক সূত্রে জানা গেছে, কম্পিউটার ক্লাব অষ্টমবারের মতো এ তথ্যপ্রযুক্তি উৎসবের আয়োজন করছে। প্রথম উৎসব হয়েছিল ২০০২ সালে। এবারের উৎসবে হার্ডওয়্যার ডিজাইন, ফটোগ্রাফি, তথ্যপ্রযুক্তিবিষয়ক বিতর্ক, আন্তবিশ্ববিদ্যালয় কম্পিউটার প্রোগ্রামিং, ভিডিও প্রদর্শনী, সেমিনার, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সাইবার গেমসসহ বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার আইআইইউসি চকবাজার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় হার্ডওয়্যার ডিজাইন ও ফটোগ্রাফি প্রতিযোগিতা। এ ছাড়া ১৫ মে কুইজ প্রতিযোগিতা, ১৬ মে বিতর্ক ও আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, ১৭ মে আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতা, ১৮ মে ভিডিও প্রদর্শনী, ১৯ মে রোবোটিকসের ওপর সেমিনার, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও সাইবার গেমস প্রতিযোগিতা, ২০ মে গণিত প্রতিযোগিতা ও রোবোটিকসের ওপর কর্মশালার আয়োজন করা হয়েছে। ২৪ মে ভিডিও প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৬ মে পুরস্কার বিতরণ ও ডিজিটাল ম্যাগাজিন প্রেজেন্টেশন থাকবে। নিজস্ব প্রতিবেদক