আইইউটিতে মেক্সিলারেশন

মেক্সিলারেশন নামটি এসেছে মেকানিক্যাল ও এক্সিলারেশন নাম দুটির সমন্বয়ে। যান্ত্রিক এই জীবনের যন্ত্রণাকাতর বিষয়গুলো থেকে মুক্তির লক্ষ্যে যন্ত্রমানবের সহায়তায় জীবনকে কীভাবে গতিময় করা যায়, সেটাই ছিল মূলত এ অনুষ্ঠানের উদ্দেশ্য।
বলছিলাম ১৯ সেপ্টেম্বর গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) প্রাঙ্গণে আইইউটির মেকানিক্যাল ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত মেক্সিলারেশন-২০১৪-এর কথা। যেখানে দেশখ্যাত প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের শ পাঁচেক শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় আন্তবিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিযোগিতা। যার মধ্যে মেকানিকস অলিম্পিয়াড থেকে শুরু করে সফটওয়্যারের ক্যাড প্রতিযোগিতা, প্রাসঙ্গিক বিষয়ের ওপর প্রজেক্ট ও পোস্টার উপস্থাপন এবং সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ রোবটিকস কম্পিটিশনও ছিল। রোবটিকস প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে ডুয়েটের দল ‘টাইমআউট’ আর রানার্সআপ হয় আইইউটিরই একটি দল।