আইইউটিতে রবির ক্যারিয়ার কার্নিভাল
তরুণ শিক্ষার্থীদের পেশা সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া এবং মোবাইল ফোন খাতে কাজের সুযোগ ও ধরন সম্পর্কে জানাতে আজ মঙ্গলবার গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্যাম্পাসে ক্যারিয়ার কার্নিভালের আয়োজন করে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ক্যারিয়ার বুথ স্থাপন করা হয়েছিল। সেখানে শিক্ষার্থীদের রবিতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ ছাড়া ক্যারিয়ার বুথে বায়োডাটা জমা দেওয়ার সুযোগ পেয়েছেন আইইউটির শিক্ষার্থীরা।
আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীদের সামনে রবির কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরা হয়। রবির মূল কোম্পানি মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও এর বৈশ্বিক কার্যক্রম সম্পর্কেও একটি তথ্যসমৃদ্ধ উপস্থাপনার আয়োজন করে অপারেটরটি।
রবিতে চাকরির সুযোগ সম্পর্কে জানাতে ‘ক্যারিয়ার অ্যাট রবি’ নামে একটি বিশেষ অধিবেশন ছিল। পাশাপাশি রবিতে চাকরির অভিজ্ঞতা নিয়ে এশিয়ার বেশ কয়েকটি দেশে আজিয়াটা গ্রুপ বারহাদের অন্যান্য কোম্পানিতে কাজের সুযোগ পাওয়ার বিষয়টি সম্পর্কেও ধারণা দেয়া হয়।
‘মিট দ্য অ্যালামনাই’ নামের একটি পর্বে আইইউটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে যাঁরা রবিতে কর্মরত আছেন, তাঁদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীরা মতবিনিময় করেন। রবি থেকে অর্জিত অভিজ্ঞতা বিনিময় করেন বর্তমান কর্মকর্তারা। বাংলাদেশে টেলিযোগাযোগ শিল্পের সম্ভাবনা এবং এই সুযোগকে তাঁরা কীভাবে কাজে লাগাতে পারেন, এ ব্যাপারে শিক্ষার্থীদের পরামর্শ দেন এই অ্যালামনাই সদস্যরা।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এম এ মোতালিব বলেন, ‘ক্যারিয়ার শুরু করতে যাওয়া শিক্ষার্থীদের জন্য এ আয়োজন ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস।’
রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ বলেন, ‘সঠিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন দক্ষÿ জনশক্তি গড়ে তোলার ওপর দেশের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে। এ কথাটি মাথায় রেখেই ভবিষ্যতে যারা দেশের নেতৃত্ব দিতে যাচ্ছেন তাঁদের জন্য ক্যারিয়ার কার্নিভালের আয়োজন করেছে রবি।’