আইইউটিতে সেনোভেশন

সিভিল ও এনভায়রনমেন্ট, সঙ্গে যুক্ত হয়েছে ইনোভেশন—এই তিনটি শব্দের সমন্বয়ে অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে সেনোভেশন। গত দুই বছরের মতো এবারও গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) গত ২৯ আগস্ট অনুষ্ঠিত হলো ‘সেনোভেশন ২০১৫’, যেখানে দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আন্তবিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আইইউটির পাশাপাশি যেখানে অংশ নেয় বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ৩০টিরও অধিক প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা। এই উৎসব মূলত পুরকৌশল বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য হলেও পরিবেশবান্ধব সম্ভাবনাময়ী প্রযুক্তির চিন্তায় মেতে থাকা তরুণদের জন্য সৃজনশীলতা বিকাশের একটি অনন্য মাধ্যম হয়ে উঠেছে এই সেনোভেশন।
সেনোভেশন ২০১৫-এর প্রধান ইভেন্টগুলোর মধ্যে ছিল প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ের ওপর প্রজেক্ট শোকেজিং ও পোস্টার প্রদর্শনী, কেসস্টাডি অ্যানালাইসিস, ক্যাড কম্পিটিশন, মেকানিকস অলিম্পিয়াড, পরিবেশবিষয়ক ছবি ও শর্টফিল্ম প্রদর্শনী। রেজিস্ট্রেশন ও সকালের নাশতা বিতরণের পর উৎসবমুখর পরিবেশে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এবারের সেনোভেশন। আইইউটিসহ খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর স্বনামধন্য শিক্ষকেরা এবারের বিভিন্ন প্রতিযোগিতার বিচার প্রক্রিয়া সম্পন্ন করেন।
সার্বিকভাবে এই সমগ্র আয়োজনের দায়িত্বে ছিলেন আইইউটির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুলতান আল শাফিয়ান বলেন, ‘সেনোভেশনের মূল লক্ষ্যই হলো সিভিল ইঞ্জিনিয়ারিং ও পরিবেশবিদ্যার সঙ্গে সম্পৃক্ত দেশের সব প্রান্তের শিক্ষার্থী ও গবেষকদের একত্র করে তাঁদের সৃজনশীল চিন্তাধারা শেয়ার করা। পরপর টানা তিনবার সেনোভেশন সফলভাবে আয়জন করার মাধ্যমে আমরা আমাদের এই উদ্যোগকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষমে হয়েছি।’ ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানে দেশের সব বিশ্ববিদ্যালয়ের তরুণদের কাছ থেকে একই রকম সাড়া পাবেন এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।