আইইউবির আঙিনায় বসন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্ত জাগ্রত দ্বারে, তাই জেগেছে ক্যাম্পাস। আনন্দ-আয়োজনে প্রাণের উচ্ছ্বাস। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে ১৭ ফেব্রুয়ারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) চট্টগ্রাম ক্যাম্পাসের সমন্বয়ক এম নুরুজ্জামান ও সামার টেন ব্যাচ আয়োজন করে বর্ণাঢ্য অনুষ্ঠানের। নৃত্য, গীত, কথনের ত্রৈমাসিক সম্মিলনে বসন্তবরণ অনুষ্ঠানটি শিল্পের অনিবার্য অনুষঙ্গে যেন পূর্ণতা পায়। শুরুতেই জাতীয় সংগীতের বৃন্দবাদন। পরবর্তীকালে প্রকৌশলী রশিদের ‘বসন্ত কথন’-এর মাধ্যমে সূচিত হয় অনুষ্ঠান। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সুরসৈনিক শীলা মোমেন তাঁর স্বভাব দক্ষতায় নিবেদন করেন উদ্বোধনী সংগীত ‘আহা আজি এ বসন্তে।’ তাঁর গানের বসন্ত বরণের নিটোল আবেদনটি ফুঠে ওঠে। এরপর তিনি রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের তিনটি গান করেন। এরপর ‘সামার টেন’-এর বসন্ত আবাহন সবাইকে বসন্ত-মগ্নতায় সিক্ত করে। নজরুলসংগীতের শিল্পী মিতালি রায় মুগ্ধতা ছড়ালেন ‘বসন্ত এলো এলো রে’সহ কয়েকটি গান দিয়ে। এবার বাঁশিতে সুর তুলেন শিল্পী আলমগীর। মাঝখানে কথামালা। সংক্ষিপ্ত অথচ উদ্দীপক ভাষণ দেন অধ্যাপক সুরাইয়া। লিটন সেন শ্রোতা-দর্শককে ‘হারানো দিনের গান’ শুনিয়ে হারানো দিনে ফিরিয়ে নিয়ে যান। বরণ্যে লোকশিল্পী মানস পাল চৌধুরী নিবেদন করেন বাউল সংগীত। তাঁর সুরসমৃদ্ধ বাউল-আধ্যাত্মিক গানের পরিবেশনা ছিল উপভোগ্য। ব্যান্ড অব আইইউবি কয়েকটি গানে দর্শক-শ্রোতাকে আলোড়িত করে তুলে। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন তাসনিম আল-আমিন।