আইইউবির জমকালো আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আইইউবি ফেস্ট-২০১২’। গত সোমবার বিকেল থেকে রাতভর সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচে-গানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে।প্রতিবছর শিক্ষা সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় জানানো হয় বিশ্ববিদ্যালয়ের শেষ ব্যাচের শিক্ষার্থীদের। এবারও ব্যতিক্রম হয়নি। শিক্ষক, নবীন এবং বিদায়ী ব্যাচের এক মিলনমেলায় পরিণত হয় পুরো মিলনায়তন। ২০০৮ সালে ভর্তি হওয়া বিদায়ী ব্যাচের শিক্ষার্থী সেঁজুতি গুপ্তা প্রথম আলোকে তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘একসময় আমরাও কত ভাই-বোনকে বিদায় দিয়েছি। সবাই মিলে আনন্দ করেছি। আর আজ আমাদের বিদায়ের পালা।’ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য ড. ইরশাদ কামাল খান। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রত্যেক শিক্ষার্থীর জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে। সবাইকে আত্মবিশ্বাস নিয়ে বলতে শেখায় আমিও পারি।’ তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়-পরবর্তী জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আত্মবিশ্বাসই হতে পারে সমস্ত চ্যালেঞ্জকে জয় করার মূলমন্ত্র। বিশ্ববিদ্যালয় জীবনের সমস্ত অর্জন তাই ভবিষ্যতের পথ চলার অনুপ্রেরণা।অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রাম আইইউবির কোষাধ্যক্ষ ইলিয়াস আহমেদ বলেন, আজকের বিদায়ী ছাত্র-ছাত্রীরা জীবনের একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। জীবনের পরবর্তী অধ্যায়টি দায়িত্ব গ্রহণ এবং তা পালনের। বিদায়ী শিক্ষার্থীদের সামনের দিনগুলোতে নিজের প্রতি, পরিবারের এবং দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।উদ্বোধনী অনুষ্ঠানের একটু পরই আয়োজন করা হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের। শুরুতেই গান পরিবেশন করেন ফোক ফিউশনধর্মী ব্যান্ড ‘লালন’। ব্যান্ডের ভোকাল সুমী একের পর এক গেয়ে যান ‘সময় গেলে’, ‘ক্ষ্যাপা’, চাতকিনী, ‘বসন্ত বাতাসে’, ‘অপার’ শিরোনামের গানগুলো। নতুন-পুরোনো সব শিক্ষার্থীই উল্লসিত হয়ে শিল্পীর সঙ্গে কণ্ঠ মেলায়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী জেমস।ব্যান্ড দল ‘বাউল’। এর পরই দর্শক-শ্রোতারা অপেক্ষা করছিল জেমসের জন্য। অপেক্ষার অবসান ঘটিয়ে এই পর্বে সবার শেষে তাঁর দল ‘নগর বাউল’কে নিয়ে মঞ্চে উঠে আসেন এই শিল্পী। মন মাতানো ‘লেইস ফিতা রে’ দিয়ে শুরু করে জেমস তাঁর প্রথম গান। তারপর একের পর এক গেয়ে যান ‘দিওয়ানা মাস্তানা’, ‘কবিতা’, ‘চল চলে’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘পত্র দিও’, ‘গুরু ঘর বানাইলা’, ‘মীরাবাঈ’, ‘তারায় তারায়’, ‘পাগলা হাওয়া’ শিরোনামের জনপ্রিয় সব গান। সব শেষে হিন্দি চলচ্চিত্রের দর্শকনন্দিত গান ‘ভিগি ভিগি’ পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়। এ ছাড়া সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন চট্টগ্রামের ব্যান্ড দল ইথার, এমটিডি এবং শিল্পী মিনার।