আইএসএসবির অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মাহবুবুল মতিন বাংলাদেশ সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন ১৯৭৬ সালের ৩০ নভেম্বর। অবসর নেন ক্যাপ্টেন হিসেবে। বর্তমানে তিনি রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) মহাসচিব। ক্যাডেট কলেজে পড়াশোনা করার সময়ই আকর্ষণ জন্মে সশস্ত্র বাহিনীর প্রতি। আইএসএসবির অভিজ্ঞতা সম্পর্কে জানালেন ক্যাপ্টেন মো. মাহবুবুল মতিন (অব.)—আমাদের সময় ২৪ জনের একটি দল আইএসএসবিতে আসে। সবাই ছিল ক্যাডেট কলেজের ছাত্র। সবার মধ্যে আমি ওই ব্যাচে প্রথম হয়েছিলাম। সেখানে আমাদের সবার মধ্যে সৌহার্দ্য জন্মে। একে অপরের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা থাকলেও কোনো কোনো প্রার্থীর বিদায়ে আমরা কেঁদেছিও। একজন প্রার্থীর মনস্তাত্ত্বিক, মানসিক, শারীরিক ইত্যাদি দিক থেকে পরীক্ষা করে দেখা হয়, তিনি সশস্ত্র বাহিনীর জন্য যোগ্য কি না। তাঁর মধ্যে নেতৃত্ব গুণাবলি আছে কি না। তবে সব ধরনের পরীক্ষার মূল লক্ষ্য হচ্ছে, প্রার্থী চাকরিজীবনে পেশাগত দায়িত্ব পালনে কেমন সফল হবেন। তিনি পেশাগত জীবনের প্রশিক্ষণে অংশ নিয়ে কর্মক্ষেত্রে তাঁর প্রতিফলন ঘটাতে পারবেন কি না, সে বিষয়টিও প্রাধান্য পাবে আইএসএসবিতে। চার দিনের বিভিন্ন পরীক্ষার মধ্যে দলগত পরীক্ষাটাই তিনি বেশি উপভোগ করেছিলেন। তাঁর মতে, ব্যক্তিগত প্রতিবন্ধকতার ধাপগুলো অনেক কঠিনই হয়ে থাকে।এখানে প্রার্থীদের ভয়ের কিছু নেই। পরিবেশটা খুবই বন্ু্লভাবাপন্ন। সর্বশেষ চার দিনের পরীক্ষা-নিরীক্ষার পরে কোনো প্রার্থী যখন সবুজ কার্ড হাতে পান, তখন সেই মুহূর্তটিই যেন তাঁর জীবনের সবচেয়ে আনন্দঘন ও খুশির সময় মনে হয়। তবে এখান থেকে যাঁরা বিদায় নেন, তাঁদের জীবনে একটি বড় ধরনের পরিবর্তন আসে বলে মনে করেন তিনি, আর সেটা সারা জীবন কাজে দেয়। তাঁর মতে, যাঁরা আইএসএসবিতে অংশ নেন, তাঁদের জীবনটা যেন আবার নতুন করে শুরু হয়।