
এমা ফার্নিস ও ডিলান ফার্নিস। জন্মসূত্রে দুই ভাইবোন যুক্তরাজ্যের নাগরিক, তবে এখন তারা ঢাকার বাসিন্দা। ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) পড়ছে দুজন। এমা-ডিলানসহ এই স্কুলের শিক্ষার্থীদের মোট ১৬ জনের একটা দল সম্প্রতি অংশ নেয় টুর্নামেন্ট অব মাইন্ডস নামের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায়। গত ২৬ ফেব্রুয়ারি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের ব্যাংককে। ১৬ জনের দলটির কেউ যুক্তরাজ্য, কেউ কানাডা, কেউবা যুক্তরাষ্ট্রের নাগরিক। কিন্তু টুর্নামেন্ট অব মাইন্ডসে তারা সবাই অংশ নিয়েছে বাংলাদেশের হয়ে। এশিয়ার পাঁচটি দেশের ১৭টি স্কুলের ৩৭১ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়।
ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) শিক্ষার্থীরা প্রতিযোগিতার দুটি বিভাগে প্রথম স্থান অধিকার করে। বিভাগ দুটি হলো ভাষা ও সাহিত্য এবং সামাজিক বিজ্ঞান। প্রাইমারি শ্রেণির ছাত্রী এমা তার মাতৃভাষায় বলছিল, ‘অন্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা নিয়ে একটু দুশ্চিন্তা ছিল। বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান নিয়ে আমাদের কাজ করতে হয়েছে।’ এমার সঙ্গে তার বন্ধু আলি সালেহ ও রিদা আমানও যোগ করল, ‘আমাদের সব সমস্যা আমরা দলগতভাবে সমাধান করার চেষ্টা করেছি।’
আইএসডির শিক্ষক মার্টিন হেই, রেহানা চৌধুরী, ক্রিস্টিন বেকার ও মার্ক ইউনিংও ছিলেন শিক্ষার্থীদের সঙ্গে। রেহানা চৌধুরী শিক্ষার্থীদের সম্পর্কে বলেন, ‘এই শিক্ষার্থীরা যেভাবে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে ভেবে সমাধান করেছে, তা সত্যিই অভিভূত হওয়ার মতো। দলগতভাবে সমস্যার সমাধান করে ওরা প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা প্রমাণ করেছে।’
সেকেন্ডারি ক্যাটাগরির শিক্ষার্থীদের সমস্যাগুলো ছিল একটু কঠিন, একটু বেশি মাথা খাটাতে হয়েছে বলে জানায় ডিলান ফার্নিস। ইগোর ল্যাচেট, সিসি ব্ল্যাম, জয়েন্দ্র কুরুকুলাসেকেরা, জেলি কানহাসিরি আর ফাহিম চৌধুরীও প্রতিযোগিতার একেকটি বাধা পেরোনোর গল্প শোনায়, ‘আমাদের অনেকের জন্য এটাই ছিল প্রথম একা বিদেশভ্রমণ। একদিকে অজানা দেশ, অন্যদিকে প্রতিযোগিতার চিন্তায় বেশ চাপের মধ্যেই ছিলাম।’ আইএসডির শিক্ষক ডেনিস ব্ল্যামকে শিক্ষার্থীদের প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমাদের চেষ্টা থাকে শিক্ষার্থীরা যেন চারপাশের নানান ঘটনা থেকে দেখে শেখে। সেই চেষ্টা থেকে আমরা শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশি স্প্রিটগুলো, যেমন দলগতভাবে কাজ করা, অন্যকে উৎসাহ দিয়ে সামনে এগিয়ে যাওয়া, বিপদে পড়লে হতাশাগ্রস্ত না হওয়া ইত্যাদি আচরণ শেখানোর চেষ্টা করি। এসব শিক্ষাই শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় প্রথম স্থানে নিয়ে গেছে।’
আইএসডির শিক্ষার্থীদের ব্যাংকক জয়ের পর এবারের লক্ষ্য অস্ট্রেলিয়া। বাংলাদেশ ও ঢাকার নাম অস্ট্রেলিয়ায় সবার সামনে তুলে ধরার জন্য এখনই নাকি ক্লাসের পর নিয়মিত প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে শিক্ষার্থীর দল।