আইটি জিনিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়েন করার দিনই মানবসম্পদ বিভাগের ফাহিম সাহেব আমাকে রসিকতা করে বলেছিলেন, ‘ভাই, আমাদের এখানে কিন্তু আইটির লোক বেশিদিন টেকে না।’ আমার শুকনো মুখ দেখে তিনি আবার হেসে বলেছিলেন, ‘আরে, ভয় পাওয়ার কিছু নেই। এমনিতে কোনো সমস্যাই নেই আমাদের এখানে। শুধু অ্যাকাউন্ট্যান্ট মফিজ সাহেবের কাছ থেকে একটু দূরে দূরে থাকবেন। তিনি আবার আইটি জিনিয়াস কিনা! কোম্পানি থেকে বড় বড় আইটির লোকদের ভাগানোর ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। হা হা হা!’

ফাহিম সাহেবের সেই রসিকতার মানে আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। মফিজ সাহেবের কারণে গত দু-তিন মাসে আমার মাথার চুল অর্ধেকের বেশি পড়ে গেছে বলে মনে হয়। শুধু তাঁর কারণে এই পেশার ওপর চরম বিরক্তি চলে এসেছে। এই লোক ঘণ্টায় ঘণ্টায় নানা সমস্যায় আমাকে ডেকে পাঠান। আমি হলফ করে বলতে পারি, এই অফিসেরই অনেক সহকারীর প্রযুক্তি-জ্ঞান মফিজ সাহেবের থেকেও অনেক ভালো। সামান্য কপি-পেস্টের জন্যও দিনে বারবার আমার ডাক পড়ে। আর অন্য সমস্যার কথা তো বাদই দিলাম।

একবার মফিজ সাহেব অনলাইনে ব্যাংক ব্যালান্স চেক করবেন, যথারীতি আমার ডাক পড়ল। আমি লগইন করার জন্য তাঁর কাছে পাসওয়ার্ড জানতে চাইলাম। তিনি পাসওয়ার্ড বললেন, ‘শিফট চাপ দিয়া ধইরা কিউ। তারপরে সেভেন। তারপরে নাইন। তারপরে আবার শিফট চাপ দিয়া ধইরা ফোর। তারপরে ই-মেইল অ্যাড্রেসে যেইটা থাকে, ওইডা। তারপরে সেভেন...’

এই আইটি জিনিয়াসের জন্য আমি ঠিকমতো ছুটিও কাটাতে পারি না। ছুটিতে থাকলেও তাঁকে ফুল টাইম আইটি সাপোর্ট দিতে হয়। ফোন না রিসিভ করলেও আরেক যন্ত্রণা। সোজা এমডি সাহেবের কাছে গিয়ে বলবেন, ‘স্যার, কোনো কাজই তো করতে পারতেছি না! আমার কম্পিউটারে বিরাট এক সমস্যা হইছে! আর আইটির লোক তো আজকে ছুটিতে। ফোনটাও ধরতেছে না। কেমন লোক, বলেন স্যার!’ তাই বাধ্য হয়ে তাঁর ফোন ধরতে হয়।

আজ আমি তাঁকে ফোনে আইটি সাপোর্ট দিচ্ছি। আবার নেটে কী যেন বিরাট ঝামেলা হয়েছে।

আমি তাঁকে বললাম মজিলা ফায়ারফক্স ওপেন করতে। তিনি জিজ্ঞেস করলেন, ‘মজিলা ফায়ারফক্স আবার কোনটা?’ আমি মাথা ঠান্ডা রেখে বললাম, ‘ঠিক আছে, তাহলে গুগলক্রোম ওপেন করেন।’ আবারও প্রশ্ন, ‘গুললক্রোম আবার কোনটা?’ এবার আর মাথা ঠিক রাখতে পারলাম না। মোটামুটি একটা ঝাড়ি দিয়েই বললাম, ‘মিয়া, ফায়ারফক্স, গুগলক্রোম চেনেন না, আবার কম্পিউটার চালাইতে আসছেন? ব্যাংক অ্যাকাউন্টে যেগুলা দিয়া ঢোকা হয়, সেগুলারে বলে ফায়ারফক্স আর গুগলক্রোম। এই বার চিনছেন?’

মফিজ সাহেব বললেন, ‘ও, এবি ব্যাংক আর সিটি ব্যাংকের কথা বলতেছেন?’

আমি বললাম, ‘মানে?’

আইটি জিনিয়াস মফিজ সাহেব বললেন, ‘না মানে, আমি এগুলার নাম মনে রাখতে পারি না তো, তাই যেইটা দিয়া আপনে এবি ব্যাংকে ঢোকেন, সেইটার নাম দিছি এবি ব্যাংক। আর যেইটা দিয়া সিটি ব্যাংকে ঢোকেন, সেইটার নাম দিছি সিটি ব্যাংক।’

আমি ভদ্রলোকের কথা শুনে মাছের মতো খাবি খেতে লাগলাম। মনে মনে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললাম, কালই রিজাইন দেব। তা না হলে মাথার বাকি চুলটুকুও অবশিষ্ট থাকবে না!