আইটিতে নেতৃত্ব দিতে চাইলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইটি খাতের নেতৃত্ব তরুণদের হাতে তুলে দিতে আবারও শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তির বিশেষ প্রশিক্ষণ ‘ফাস্ট ট্রাক ফিউচার লিডার’ কর্মসূচি। কম্পিউটার কাউন্সিল থেকে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ছবি তুলেছেন জাহিদুল করিম।
আইটি খাতের নেতৃত্ব তরুণদের হাতে তুলে দিতে আবারও শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তির বিশেষ প্রশিক্ষণ ‘ফাস্ট ট্রাক ফিউচার লিডার’ কর্মসূচি। কম্পিউটার কাউন্সিল থেকে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ছবি তুলেছেন জাহিদুল করিম।

আবারও শুরু হয়েছে তরুণদের তথ্যপ্রযুক্তি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ ‘ফাস্ট ট্রাক ফিউচার লিডার’ কর্মসূচি। আইটি খাতের নেতৃত্বে তরুণদের তুলে আনতে এই কর্মসূচি। এলআইসিটি নামের এই কর্মসূচির অর্থায়ন করছে বিশ্বব্যাংক। বাস্তবায়নে রয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। ইতিমধ্যে চার হাজার তরুণকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রথম ব্যাচে ১৪৮ ও দ্বিতীয় ব্যাচে ১১৩ জন প্রশিক্ষণ নিয়েছেন। এখন তৃতীয় ব্যাচের ভর্তি-প্রক্রিয়া চলছে। ২১ মের মধ্যে নিবন্ধন করতে হবে। চাইলে আপনিও এই প্রশিক্ষণ নিয়ে নিজেকে চাকরির বাজারে আরও যোগ্য করে তুলতে পারেন।
এই কর্মসূচির পরিচালক মো. রেজাউল করিম বলেন, একটি নতুন ব্যাচ শুরু করার আগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও সংশ্লিষ্ট আইটি বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা হয়। তাদের কাছ থেকে প্রয়োজনীয় দক্ষ জনবলের চাহিদা পাওয়ার পর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ফলে প্রশিক্ষণের পর চাকরি পাওয়া সহজ। চাকরি নিশ্চিত করার জন্য তাঁরা আইটি প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করে চাকরি মেলার আয়োজন করছেন।
প্রশিক্ষণের যোগ্যতা
প্রশিক্ষণটি তরুণকেন্দ্রিক। এখানে মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয়। আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর। শিক্ষার্থী বা চাকরি করছেন, এমন কেউ আবেদন করতে পারবেন না। সিএসই বা আইটি স্নাতক অথবা কম্পিউটারে পারদর্শী যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষার্থী নিচের নয়টি ট্রাকে আবেদন করতে পারবেন। এগুলো হলো—ডটনেট, ওয়েব সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং, পিএইপি, এনড্রয়েড, ওয়েব ইনটেলিজেন্স অ্যান্ড বিগ ডেটা, ইআরপি, সফটওয়্যার অ্যান্ড আইটিইএস সেলস ও মার্কেটিং (এসইও অ্যান্ড ওয়েব মার্কেটিং), ফ্রন্ট ইন গ্রাফিকস ডিজাইন, সফটওয়্যার অ্যান্ড মোবাইল অ্যাপলিকেশন টেস্টিং।
প্রশিক্ষণের প্রক্রিয়া

প্রশিক্ষণ নিতে প্রার্থীরা এলআইসিটি প্রকল্পের নিজস্ব ওয়েবসাইটে (www.lict.gov.bd) গিয়ে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনের ভিত্তিতে বাছাই করে লিখিত পরীক্ষায় ডাকা হয়। লিখিত পরীক্ষা হয় অনলাইনে। প্রার্থী তাঁর সুবিধা অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা ও ফরিদপুরের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কার্যালয়ে পরীক্ষা দিতে পারবেন। এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের। এক ঘণ্টার এই পরীক্ষায় ৪০ নম্বর থাকবে কম্পিউটার, ইংরেজি, গণিত ও চিন্তামূলক মৌলিক জ্ঞানের ওপর এবং বাকি ২০ নম্বর থাকবে মৌলিক জ্ঞানের ওপর। লিখিত পরীক্ষায় প্রার্থীদের ৪০ নম্বরের দলভিত্তিক মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। কর্মসূচি সম্পৃক্তরা জানান, বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর তরুণদের নানা ধরনের আচরণগত জ্ঞানের অভাব থাকে। এ জন্য প্রশিক্ষণার্থীদের তিন মাসের আবাসিক প্রশিক্ষণের সময় শরীরচর্চা, আচরণগত দক্ষতা, নিয়মশৃঙ্খলা, কম্পিউটারবিষয়ক নানা জ্ঞান, ইন্টারনেটের ব্যবহার ও বিশেষায়িত প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। যাঁরা যে কাজের জন্য উপযুক্ত বিবেচিত হন, তাঁদের সে বিষয়েই প্রশিক্ষণ দেওয়া হয়।

যোগাযোগ
এলআইসিটি প্রকল্প, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, আগারগাঁও, ঢাকা।
ওয়েবসাইট: www.lict.gov.bd
ফোন: ০১৭৯৫০৯০৪১৫ ও ০১৯৫৪৮৫৫৭৯৮