আইটিতে বিভিন্ন পদে লোক নেবে সোনালী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংক
সোনালী ব্যাংক

তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে খাপ খাইয়ে আধুনিক ব্যাংকিং-সুবিধা দেওয়ার জন্য সোনালী ব্যাংক আইটি বা তথ্যপ্রযুক্তিতে লোক নেবে বলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি ১২ মে প্রথম আলোর ৯ পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। আবেদন-প্রক্রিয়া চলবে আগামী ১৩ জুন পর্যন্ত।
এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি), অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আর্কিটেক্ট ও টেক্সটাইল), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও আর্কিটেক্ট), সিনিয়র অফিসার (আইটি), অফিসার (আইটি)—এসব পদে লোক নেওয়া হবে। তবে কোন পদে কত লোক নেওয়া হবে, এমন কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি ওই বিজ্ঞপ্তিতে।
এসব পদে আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পদভেদে সংশ্লিষ্ট বিষয়ে চার বছরমেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে। শিক্ষাজীবনে যেকোনো একটিতে প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে। তবে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। শুধু সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও আর্কিটেক্ট) পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে তিন বা চার বছরমেয়াদি দ্বিতীয় বিভাগের ডিপ্লোমা পাস হতে হবে। প্রার্থীর বয়স ১৩-০৬-১৫ তারিখে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ এবং সোনালী ব্যাংকে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ বছর।
আবেদন করতে হবে অনলাইনে। আগ্রহী প্রার্থীদের সোনালী ব্যাংকের ওয়েবসাইটে (www.sonalibank.com.bd) প্রদত্ত Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ফরম যথাযথভাবে পূরণ করে প্রার্থীর ছবি, স্বাক্ষর ও বায়োডাটা-সংবলিত প্রাপ্ত হার্ড কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। প্রবেশপত্র ওয়েবসাইটে দেওয়ার বিষয়টি পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। প্রার্থী তাঁর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র পাঠানো হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনে উল্লেখ করা তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র নেওয়া হবে। দাখিল করা কাগজপত্রের সঠিকতা যাচাই সাপেক্ষে তাঁদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা পদভেদে বেতন স্কেল ২০০৯ অনুযায়ী শিক্ষানবিশকাল মাসিক ১৪ হাজার ১০০ থেকে ১৮ হাজার ৭০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।