আইডিয়ায় বাজিমাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্নবাজ তিন তরুণ। মাথায় ঘোরে সব সময় নানা আইডিয়া। তা কখনো আড্ডা-আলোচনায় হারিয়ে যায়। কখনো খেটেখুঁটে প্রকল্প উপস্থাপন। এরপর ইন্টারনেট ঘেঁটে বাজার যাচাই। ব্যবসার নানা বিষয় নিয়ে তাঁদের হরদম চিন্তা। না, এটি কোনো তরুণ ব্যবসায়ী দলের কথা নয়। তিনজনই শিক্ষার্থী—ফাতেমা মুনির, ফাহিমা হারুন ও জায়েদ জোবায়ের। ডেইলি স্টার-মিউচুয়াল ট্রাস্ট-দৃষ্টি বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় বিজয়ী। পড়ছেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষে। দলটি পাটের সুদিন ফিরিয়ে আনার প্রকল্প প্রস্তাবনা দিয়ে বাজিমাত করেছে।ব্র্যান্ডিং করার মতো আরও অনেক পণ্যই তো আছে, তাহলে পাট কেন? প্রশ্নের সঙ্গে সঙ্গে কথা বলে উঠলেন তিনজন একসঙ্গে। শেষে বলা শুরু করলেন ফাতেমা মুনির। তিনি বললেন, ‘আমাদের প্রতিযোগিতার বিষয় ছিল দেশের এমন একটি পণ্য ব্র্যান্ডিং করা, যা এখন হারিয়ে যাচ্ছে। সে হিসেবে আমরা বেছে নিয়েছি পাট। কারণ, একসময় পাটের খ্যাতি ছিল পৃথিবীজুড়ে। আর পাটজাত পণ্য নতুন করে ব্র্যান্ডিং করার সুযোগ আছে। বিশ্ববাজারে চাহিদা অনুযায়ী পাটের পণ্য রপ্তানি করতে পারলে আমরা আবার পাটের সুদিন ফিরিয়ে আনতে পারব।’প্রকল্প প্রস্তাবনায় পাটকে একেবারে নতুন করে আনার চেষ্টা ছিল দলটির। গতানুগতিক ধারায় না গিয়ে তাঁরা হেঁটেছেন ভিন্ন পথে। সচরাচর পাটজাত যেসব পণ্য ছিল, সেগুলো বাদ দিয়ে নতুন কিছু পণ্য তাঁরা সামনে নিয়ে এসেছেন। এর মধ্যে রয়েছে পাটের তৈরি পোশাক, জুতা, টাই, আসবাবপত্র ও ঘর সাজানোর নানা সামগ্রী। শুধু কি পণ্যের উপস্থাপনা! ছিল বিজ্ঞাপনচিত্রও। এসব পণ্য কীভাবে ভোক্তার কাছে পৌঁছাবে, এই পথও বাতলে দিয়েছেন তাঁরা। এত কিছুর মধ্যে কোম্পানির নাম থকবে না, তা কি হয়? এই তিন তরুণ উদ্যোক্তার প্রাতিষ্ঠানিক নাম ছিল ওয়ান সলিউশন ইন করপোরেশন। তাঁদের চোখে স্বপ্ন বহু দূর এগোনোর। শুধুই প্রতিযোগিতায় জেতার জন্য খাটাখাটুনি নয়। এটি তাঁদের ভবিষ্যতের সিঁড়িও বটে—এমনটাই অভিব্যক্তি তিনজনের। ফাহিমা হারুন বলেন, ‘আইডিয়াটা প্রথম আমার মাথায় আসে। এরপর বন্ধুদের সঙ্গে আলোচনা করি। তারা সায় দেয়। তবে কাজ করতে গিয়ে দেখলাম, আসলেই আমরা পারব। পাট নিয়ে এখনো অনেক কিছু করার আছে।’ ফাহিমার কথা শেষ হতেই মুখ খুললেন জায়েদ জোবায়ের। তিনি বললেন, ‘আমরা তরুণেরা চাইলে ভালো কিছু করতে পারব। মাথা খাটিয়ে পরিশ্রম করলে সফলতা আসবেই। এ প্রতিযোগিতা আমাদের স্বপ্নকে বিস্তৃত করেছে। এই প্রেরণায় এগিয়ে যেতে চাই ভবিষ্যতের পথে।’ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিদ্যালয়-পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ী হয় কলেজিয়েট স্কুল। এ দলে ছিল বিদ্যালয়ের দশম শ্রেণীর তিন শিক্ষার্থী—মানসিব তাহসিন, রিয়াসাদ মোর্শদ খান ও সায়েম আল আনান। তাঁদের বিষয় ছিল কক্সবাজারের পর্যটনসেবা। দৃষ্টির আয়োজনে এবার বসেছিল প্রতিযোগিতার চতুর্থ আসর। ২০১০ সাল থেকে এ প্রতিযোগিতা হচ্ছে চট্টগ্রামে। বিশ্ববিদ্যালয়-পর্যায়ে এবারসহ হ্যাটট্রিক শিরোপা জিতল ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়।দৃষ্টি বিজনেস ক্লাবের পরিচালক সাইফ চৌধুরী বলেন, ‘তরুণদের মধ্যে সম্ভাবনা প্রচুর। আমরা চাই, তারা নিজেদের মেধা দেশের কাজে লাগাক। তাদের জন্য অন্যতম প্লাটফরম এই প্রতিযোগিতা।’