চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৬ নভেম্বর। প্রতিবারের মতো এবারও সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে আইন অনুষদে। ‘ই’ ইউনিটে মাত্র ১৩৩ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৪ হাজার ৭০২টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন ১১১ পরীক্ষার্থী।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আটটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ৩৬ বিভাগ ও তিনটি ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষা শেষ হবে আগামী ১ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ে সাধারণ আসন রয়েছে তিন হাজার ১৮২টি। আর কোটায় রয়েছে ৬৫২টি।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম বলেন, ‘স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন কার্যক্রম শেষ হয়েছে। এখন পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে। কিছুদিনের মধ্যে পরীক্ষার আসন বিন্যাস করা হবে। সংশ্লিষ্ট ইউনিটের ডিনরা বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব এবং উপপরীক্ষা নিয়ন্ত্রক আ ক ম ফজলুল হক পাশা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে এক লাখ ২২ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী আবেদন করেছে। এবার সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে কলা অনুষদে (বি ইউনিট), আর প্রতি আসনের বিপরীতে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে আইন অনুষদে (ই ইউনিট)। এখানে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবে ১১১ জন শিক্ষার্থী।’প্রশাসন সূত্রে জানা যায়, কলা ও মানববিদ্যা অনুষদে ভর্তির জন্য ‘বি’ ইউনিটে এক হাজার ৬৮ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ২৮ হাজার ১০৬ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনে লড়বেন ২৬ পরীক্ষার্থী। বিজ্ঞান অনুষদের জন্য নির্ধারিত ‘এ’ ইউনিটে প্রতি আসনে লড়বেন ২৪ জন। এই ইউনিটে ৬৭১ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৬ হাজার ২১৬টি। ব্যবসায় প্রশাসন অনুষদে ভর্তির জন্য ‘সি’ ইউনিটে আসনপ্রতি লড়বেন ৪১ জন। ‘গ’ ইউনিটে ৫১৬ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২১ হাজার ২৭৩টি। সমাজবিজ্ঞান অনুষদে ভর্তির জন্য নির্ধারিত ‘ডি’ ইউনিটে আসনপ্রতি লড়বেন ২৯ জন। এই ইউনিটে ৮২২ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ৫০২টি।ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসে ভর্তির জন্য নির্ধারিত ‘এফ’ ইউনিটে আসনপ্রতি লড়বেন ৩২ জন। এই ইউনিটে ৭৯ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে দুই হাজার ৫৭৯টি। ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজে ভর্তির জন্য নির্ধারিত ‘জি’ ইউনিটে আসনপ্রতি লড়বেন ৪৪ জন।এই ইউনিটে ৬৭ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে দুই হাজার ৯৩৯টি।