আইন আছে, আইনের শাসন নেই

প্রশ্নটা হলো, আইন ও শাসন আলাদাভাবে থাকলেও আইনের শাসন আছে কি না। আইন আছে, শাসনও আছে, কিন্তু আইনের শাসন কি আছে?
প্রথম আলোর ২০১৩ থেকে ২০১৪ সালের এই প্রতিষ্ঠাবার্ষিকী পর্যন্ত বছরটিতে দেশের আইনের শাসনের হালহকিকত পর্যালোচনায় বেশ কয়েকটি সাংঘাতিক বিষয় মনে পড়ে যায়।
দিনক্ষণের হিসাবে ঠিক ২০১৩ সালের ৪ নভেম্বরের ‘পর থেকে’ বলা যাবে না, কিন্তু গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর, কিছুটা এ বছরের জানুয়ারি মাসজুড়েও দেশে ছিল চরম হানাহানি, অশান্তি আর নিষ্ঠুরতা।
২০১৩ সালের নভেম্বরের আগে বছর ধরেই চলছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতাদের বিচার আর একের পর এক দোষী সাব্যস্ত হয়ে শাস্তি ঘোষণা। ফলে জামায়াত ও তার চরমপন্থী সহযোগীদের মধ্যে ছিল অসন্তোষ আর উত্তেজনা। চরমপন্থীরা—তা ধর্মভিত্তিক বা অন্য কোনো আদর্শভিত্তিক যেটাই হোক না কেন—অতি সহজে বেছে নেয় জঙ্গি-সহিংসতার পথ। আর আওয়ামী লীগের সরকারের অধীনে নির্বাচনে কোনোমতেই জেতা যাবে না, এমন একটি ধারণা থেকে বিএনপি ও তার সাথি দলগুলো নির্বাচন ঠেকাতে নেমে গেল। জামায়াতসহ ইসলামপন্থীদের সহিংসতা আর বিএনপির নির্বাচন ঠেকানো আন্দোলন—সব মিলে আইনের শাসন কোণঠাসা। সহিংসতা আর আন্দোলন ঠেকাতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেন দিল ‘পূর্ণ স্বাধীনতা’! ফলে দেশে সবকিছুই থাকল, আইনের শাসন ছাড়া।
বহু নিরীহ লোক মারা গেল রাজনৈতিক সহিংসতায়, নৃশংসভাবে আগুনে পুড়ে। জানমালের ক্ষতি হলো সারা দেশে। ট্রেন পুড়ল, গাড়ি জ্বলল আর ডজন ডজন মামলা হলো বিএনপির নেতাদের বিরুদ্ধে। এসব মামলায় এখনো তদন্ত চলছে, জামিন নিয়ে চলছে বিভিন্ন আদালতে দৌড়াদৌড়ি। কিন্তু এসব হত্যা-আগুন-নৃশংসতার জন্য কোনো প্রকৃত আসামি ধরা পড়েছে বলে মনে হয় না। অবশ্য আইনশৃঙ্খলা রক্ষায় নতুন কায়দা প্রয়োগ করে পুলিশ গুলি করে মেরেছে বহু লোককে। দেশের বহু স্থানেই।
বিএনপি ২০০৩ সালে সংসদে আইন পাস করে যৌথ বাহিনীকে দায়মুক্তি দিয়েছিল তথাকথিত ‘ক্লিন হার্ট’ অপারেশনকৃত হত্যা, জখম, সম্পত্তি ধ্বংস এবং আনুষঙ্গিক অপরাধ থেকে। অর্থাৎ ২০০২ সালের অক্টোবর থেকে ২০০৩ সালের জানুয়ারি পর্যন্ত যৌথ বাহিনী যতই অপরাধ করে থাকুক না কেন, সেই তিন মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৫৮ জনের ‘হার্ট অ্যাটাকে’ মৃত্যু হয়েছিল। কারও কোনো দিন বিচার হবে না বলে সংসদ আইন পাস করেছিল।
অনেকটা তারই ধারাবাহিকতায় ২০১৩ সালের অক্টোবর-ডিসেম্বরে মানুষ মেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সামাল’ দেওয়া হলো। বিরোধী দলের নেতাকে দিনের পর দিন নিজের বাড়িতে বন্দী করে রাখা হলো বালুভর্তি ট্রাক দিয়ে। আমরা সবাই চেয়ে চেয়ে দেখলাম। যা হওয়ার তা-ই হলো। রাজনীতি বদলে গেল।
ইসলামপন্থীদের শায়েস্তা করার জন্য এক দশক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে ভাষা ব্যবহার শুরু করেছিলেন নাইন-ইলেভেনের পর এবং ইরাক আক্রমণকে জায়েজ করার জন্য, আমাদের রাজনীতিতে এখন সেই ভাষাই ঢুকে গেছে। আমরা মার্কিনি হয়ে গেছি। যুক্তরাষ্ট্র যেমন ডান্ডাপেটা করে সারা দুনিয়াকে ঠান্ডা রাখে আর এই ঠান্ডা রাখতে গিয়ে ইসলামি জঙ্গিবাদবিরোধী যে ভাষা ব্যবহার করে, আমাদের সরকারপ্রধান অতি মাননীয় প্রধানমন্ত্রী এখন প্রায়ই সে ভাষায় কথা বলেন।
ইসলামকে জঙ্গিবাদের সঙ্গে সমার্থক করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব প্রায় সারা বিশ্বের মুসলমানদের ঠ্যাঙানোর জন্য যে ভাষায় কথা বলে, আমাদের সরকার ও সরকারি দল বিরোধীদের দমনে সেই ভাষাই এখন অহরহ ব্যবহার করে। বিরোধী মানেই জঙ্গি, জঙ্গি দমনের নামে বিরোধীদের বিরুদ্ধে যেকোনো ব্যবস্থাই এখন জায়েজ। আমরা ‘আমেরিকান’ হয়ে যাচ্ছি।
অবশ্য একটা ছোট্ট পার্থক্য আছে। মার্কিনিরা বিরোধীদের ব্যাপারে আইনের তোয়াক্কা করে না। জাপানে পারমাণবিক বোমা, ভিয়েতনামে নিরীহ নাগরিক মারতে নাপাম বা আগুনে বোমা থেকে শুরু করে এখন আইসিস দমাতে নির্বিচারে সিরিয়া-ইরাকে বোমাবর্ষণ—সবই করে বিদেশিদের ওপর। নিজের দেশের নাগরিকের ব্যাপারে তারা আইনের শাসন মেনে চলে। আর আমরা নিজের দেশের বিরোধী রাজনৈতিক দলের সবাইকে আমেরিকানদের বিদেশি যেমন, তেমনই মনে করি। বিরোধীদের বেলায় আইনের শাসন প্রযোজ্য নয়।
তৃতীয় বিশ্বের বহু দেশে নির্বাচন হয়। তবে তাতে গণতন্ত্র হয় না। মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক বিতাড়িত হওয়ার আগে তিন দশক ধরে নির্বাচিত হয়েছিলেন ক্রমান্বয়ে।
আমাদের এরশাদ সাহেবের জাতীয় পার্টি ১৯৮৬ আর ১৯৮৮ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংসদীয় নির্বাচনে জয়ী হয়েছিল। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ভীষণ জিতেছিল। কয়েক মাস আগে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ হাজার হাজার মানুষ নিহত হওয়া গৃহযুদ্ধের মধ্যেও ‘নির্বাচন’ করে জিতেছেন। কয়েক মাস আগে বাংলাদেশ ঘুরে যাওয়া কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন সেই ১৯৮৫ সাল থেকে নির্বাচিত হয়ে আসছেন।
এসবের মতো আমাদেরও একটা ‘নির্বাচন’ হয়েছিল গত ৫ জানুয়ারি। অনেকে বলেন, এটা নাকি হয়েছিল আইন ও সংবিধান অনুযায়ী। ৫ জানুয়ারি যা হয়েছিল, সেটাকে নির্বাচন বলা যায় যদি আইনের শাসন বলতে আমরা বুঝি ‘দায়মুক্তি’। আইনের শাসন বলতে বুঝি রাতকে দিন বলা যায়। আর দিনকে রাত। আইনের শাসনের বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী অনেক নির্বাচন সম্ভবত ৫ জানুয়ারির মতোই হবে। বিএনপির জন্য বর্তমান সরকারি দলের অধীনে নির্বাচনে যাওয়া এখন আর সম্ভব নয়। অর্থাৎ সংবিধান সংশোধন করে বিকল্প কোনো ব্যবস্থা অর্থাৎ নির্বাচনকালীন সরকারের গঠন যদি পরিবর্তন করা না হয়, তাহলে আবার কিছু গৃহপালিত বিরোধী দল নিয়েই আগামী নির্বাচন হবে এবং সম্ভবত তৎপরবর্তীটাও।
ঝুটঝামেলা এড়াতে, খরচ বাঁচাতে এবং অনর্থক হুলুস্থুল এড়াতে চতুর্থ সংশোধনীর মতো সংবিধানে একটা সংশোধনী এনে বলা যেতে পারে যে ৫ জানুয়ারি নির্বাচনে নির্বাচিত সংসদ পরবর্তী দুই মেয়াদের জন্য ‘নির্বাচিত হইয়াছেন বলিয়া ধরিয়া লওয়া হইবে’। চতুর্থ সংশোধনীতে এভাবেই ধরে নেওয়া হয়েছিল। ১৯৭৩ সালের মার্চ মাসে নির্বাচিত আমাদের প্রথম সংসদের মেয়াদ ছিল পাঁচ বছর। কিন্তু ১৯৭৫ সালের জানুয়ারিতে চতুর্থ সংশোধনীতে বলা হলো, ওই প্রথম সংসদের মেয়াদ হবে পাঁচ বছর। তবে পাঁচ বছরের গণনা শুরু হবে চতুর্থ সংশোধনীর দিন থেকে, অর্থাৎ ২৫ জানুয়ারি, ১৯৭৫ থেকে। সেটাও ছিল আইনের শাসন। অনুরূপভাবে সংবিধান সংশোধন করে আইনের শাসন অনুযায়ীই এই সংসদের মেয়াদ নিদেনপক্ষে ২০২১, আর বেশি করে হলে ২০২৫ বা ২০৩০ পর্যন্ত বর্ধিত করা যায়। তাতে গণতন্ত্রও থাকবে, আইনের শাসনও থাকবে।
আইনের শাসন আর বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হলো গত সেপ্টেম্বর মাসে। এখন বিচারপতিসহ নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশনের মতো সাংবিধানিক পদ আর দুদক, মানবাধিকার কমিশন ইত্যাদি গুরুত্বপূর্ণ আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তাব্যক্তিদেরও অপসারণের ক্ষমতা সংসদের ওপর ন্যস্ত হয়েছে।
সংসদের ভয়ে বিচার বিভাগ নির্বাচন কমিশন, দুদক ইত্যাদি যদি এখন তটস্থ হয় অথবা তোয়াক্কা না করে, পরিণতি যেটাই হোক, সেটা আইনের শাসনের জন্য ভালো হবে না। অর্থাৎ ষোড়শ সংশোধনীর কারণে জটিলতা বাড়বে। বিচারপতিসহ অন্যদের অপসারণের পদ্ধতি-সংক্রান্ত আইন সংসদকে পাস করতে হবে। সংসদ এই আইন পাস করতে পারবে বলে মনে হয় না। আর বিচারপতিসহ অন্যদের অপসারণের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার যে বাধ্যবাধকতা, সেটা যে সংসদে কোনো দলের যখন এই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকবে না, তখন কী হবে, তা বোঝা মুশকিল।
মোদ্দাকথা, সবকিছুই ব্যক্তির খেয়াল-খুশিমতো চলছে বলে প্রতীয়মান হয়।
আইনের শাসনের মূল কথা হলো, ব্যক্তি গৌণ, নিয়মনীতি, আইন ইত্যাদিই প্রধান। আমার ইচ্ছেমতো দেশ-জাতি চললে দেশ ও জাতির উন্নতি হবে না, উন্নতি হবে সবাই আইন মেনে চললে—এটা বোঝার মতো প্রাপ্তবয়স্কতা অর্জন করতে আমাদের আরও অনেক বছর লাগবে।
ন্যূনতম আইনের শাসনে পৌঁছাতে যে আমাদের আরও বহু বছর লাগবে, তার মূর্তমান নিদর্শন হলো এক যুগ ধরে চলে আসা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। হার্ট অ্যাটাক, ক্রসফায়ার, বন্ধুকযুদ্ধ ইত্যাদি বহু শব্দ ও মিথ্যার বেসাতি করছে সরকারের পর সরকার। এখন মন্ত্রী থেকে শুরু করে সেনা কর্মকর্তা, পুলিশ, ডিবি ও র্যাব—সবাই ধরে নেন যে সন্দেহভাজন সন্ত্রাসী অপরাধীকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করলে দেশে অপরাধ কমবে।
এভাবে কোনো দেশেই অপরাধ কমেনি। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতে ভেবেছিলেন এ পথে গেলে লাভ হবে। তিনি র্যাব তৈরি করেছিলেন, যৌথ অভিযানকে দায়মুক্তি দিয়েছিলেন সংসদের আইন পাস করে। এখন তিনিই র্যাবের বিলুপ্তি চাইছেন।
শেখ হাসিনা এখনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করেননি। আর পারবেন বলে মনেও হয় না।
খেসারত আমাদের সবাইকেই দিতে হবে। আইনের শাসন হবে না দেশে। আর আইনের শাসন ছাড়া উন্নতি হয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’।
আইনের শাসন না থাকা মানে আমরা বঞ্চিত হব, শোষিত হব, নিপীড়িত-নির্যাতিত হব এবং হতে হতে একদিন ফুঁসে উঠব। এখন সেটা সময়ের ব্যাপার মাত্র।
ড. শাহদীন মালিক: আইনজীবী, সুপ্রিম কোর্ট। অধ্যাপক, স্কুল অব ল, ব্র্যাক ইউনিভার্সিটি।