আইন করে জমি কেড়ে নিলে সেটা সভ্য আইন বলা যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমির সঙ্গে যাদের নাড়ির সম্পর্ক তাদের কথা না শুনে বন ও ভূমি বিষয়ে কোনো কিছু করা ঠিক নয়। জমির সঙ্গে যাদের গভীর সম্পর্ক তাদের জমি আইন করে কেড়ে নিলে সেটাকে সভ্য আইন বলা যায় না। রাঙামাটিতে অনুষ্ঠিত সেমিনারে এ কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

গত শনিবার জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘পার্বত্য চট্টগ্রামে ভূমি ব্যবস্থাপনা ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও অধ্যাপক মংসানু চৌধুরী।

সেমিনারে মূল আলোচক ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান। অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, পুলিশ সুপার আমেনা বেগম ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান।

সেমিনারে পঠিত প্রবন্ধে উল্লেখ করা হয়, সংরক্ষিত বনাঞ্চল সৃষ্টি, কাপ্তাই বাঁধ নির্মাণ ও সমতল থেকে লোকজনকে পুনর্বাসনের কারণে ১৮৭০ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের প্রতিটি আদিবাসী পরিবারকে কমপক্ষে তিনবার করে উদ্বাস্তু হতে হয়েছে। প্রবন্ধে আরও দাবি করা হয়, তিন পার্বত্য জেলার মোট আয়তন ৩২ লাখ ৫৭ হাজার ৯৬ একর। এর মধ্যে সেনাবাহিনীর ব্যবহূত ৭৭ হাজার একরসহ ১৫ লাখ ৫০ হাজার ১০৪ একর এলাকা কাপ্তাই হ্রদ, নদী, ইকোপার্ক, গেম স্যাংচুয়ারি ও সংরক্ষিত বনাঞ্চল। অবশিষ্ট ১৭ লাখ ছয় হাজার ৯৯২ একর জায়গা জনসাধারণের বসবাসের ভূমি ও পাহাড়। পার্বত্য চট্টগ্রামে আদিবাসী-বাঙালির বিরোধের প্রধান কারণ ভূমি সমস্যা বলে উল্লেখ করে বলা হয়, ১৯৬০ সালে কাপ্তাই হ্রদে উদ্বাস্তু হয়ে সমতল জমির অভাবে এক লাখের বেশি মানুষ দেশত্যাগ করেছিলেন। সেখানে ১৯৭৯ সালে জমি দেওয়ার অঙ্গীকার করে তৎকালীন সরকার সমতল এলাকার চার লাখ লোককে পার্বত্য চট্টগ্রামে নিয়ে আসে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ভূমি সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত অন্যান্য সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব নয়। আদিবাসী ও বাঙালির মধ্যে অনাস্থা দূর করতে জাতীয় মানবাধিকার কমিশন কাজ করবে বলে উল্লেখ করেন তিনি। রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, বন বিভাগের যে জায়গা আছে তাতে গাছ আছে কিনা তার হিসাব দিতে হবে। তারপর তাদের জায়গা দেওয়া হবে। সরকার যেসব এলাকায় নতুন সংরক্ষিত বন সৃজনের ঘোষণা দিয়েছে সেসব এলাকায় জনবসতি থাকলে বন বিভাগকে দেওয়া হবে না।