আইন কর্মকর্তার একদিন
আইন বিষয়ে পড়াশোনা করে আইনজীবী হওয়া যায়।আবার আইন কর্মকর্তা হিসেবেও কাজ করা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে।তেমনি একজন মৌলি আজাদ। কাজ করছেন বিশ্ববিদ্যালয়মঞ্জুরি কমিশনে সহকারী সচিব (আইন) হিসেবে।তিনি জানাচ্ছেন তাঁর একটি কর্মময় দিনের কথা— তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস আমার। প্রতিদিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠি। এরপর হাত-মুখ ধুয়ে খালি হাতে ব্যায়াম করি। এর মধ্যে আমার একমাত্র সন্তান ঘুম থেকে উঠে পড়ে। দেড় বছর বয়স আমার ছেলের। সকালে বেশ কিছুটা সময় ওর সঙ্গে কাটাই। এরই ফাঁকে সকাল সাতটার দিকে নাশতা করে অফিসের জন্য তৈরি হতে থাকি। সকালের খবর শোনার অভ্যাস রয়েছে। তৈরি হতে হতে টিভির বিভিন্ন চ্যানেলের খবর শুনি। সাড়ে আটটার দিকে অফিসের গাড়ি আসে। বেরিয়ে পড়ি অফিসের উদ্দেশে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আইন বিভাগে কাজ করি। সাধারণত বেসরকারি বা সরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মামলার নথিপত্র আদালতে পাঠিয়ে থাকি। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের আইনকানুন রয়েছে। কিন্তু বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তা নেই। তাদের বিরুদ্ধে নানা নিয়ম ভঙ্গের অভিযোগ পাওয়া যায়। প্রতিদিনই কোনো না কোনো মামলার কাজ থাকে। তখন সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্যানেল আইনজীবীর কাছে পাঠিয়ে থাকি। কাজের ব্যস্ততার মধ্যে ছেলের সঙ্গে কথা বলতে ভুলি না। ওর সঙ্গে কথা বলি। আমার মায়ের শরীরের খোঁজখবর নিই। নিজের কাজ একটু গুছিয়ে নিয়ে দুপুরের খাবার সেরে ফেলি। কাজ ফেলে রাখতে পছন্দ করি না। প্রতিদিনের কাজ প্রতিদিনই সেরে ফেলি। অফিস থেকে বাসার দূরত্ব বেশি নয়। তাই বিকেল পাঁচটায় বের হলে আধা ঘণ্টার মধ্যে বাসায় পৌঁছে যাই। এরপর ফ্রেশ হয়ে বিকেলেই রাতের খাবার খেয়ে ফেলি। পুরো সময়টা ছেলেকে দিই। মা-ভাইবোনের সঙ্গেও গল্পগুজব করি। কিছুক্ষণ টিভি দেখি। মাঝেমধ্যে লেখালেখি করি। আর অনেকটা সময় ফেসবুকে পার হয়ে যায়। ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে যাই।নিজের কোনো কাজ থাকলে সেগুলো করে ফেলি।এরপর ছেলেকে খাইয়ে দিয়ে ওর ঘুমানোর আয়োজন করি। রাতে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ি। অযথা রাত জাগি না। আর হাতের কাছে একটা বই রাখি। বইয়ে চোখ বোলাতে বোলাতে ঘুমিয়ে পড়ি। তাও রাত ১১টার দিকে। এভাবেই একেকটি দিন কেটে যায়।