আইন নিয়ে লেখাপড়া
দেশে আইন বিষয়ে উচ্চশিক্ষা নেওয়ার অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। চাহিদার কারণে আইন শিক্ষার বিস্তার ঘটছে ক্রমাগতভাবে। আমাদের দেশে সর্বপ্রথম আইন বিষয়ে কোর্স চালু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ১৯২১ সালে। বর্তমানে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ল কলেজে আইন বিষয়ে পড়ার সুযোগ আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়: চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুধু স্নাতক সম্মান করা যায়। ২০০৮ সালে এই বিশ্ববিদ্যালয়ে কোর্সটি চালু হয়। পরবর্তী সময়ে স্নাতকোত্তর কোর্স চালু করা হবে এখানে।ঢাকা বিশ্ববিদ্যালয়: দেশের সর্ববৃহৎ এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আপনি এলএলবি (সম্মান), এলএলএম, এমফিল ও পিএইচডি ডিগ্রি নিতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালেই। প্রতিষ্ঠার পর থেকে ১৯৭৩ সাল পর্যন্ত এখানে দুই বছর মেয়াদি কোর্স চালু ছিল। পরে ১৯৭৩-৭৪ শিক্ষাবর্ষে শুরু হয় তিন বছর মেয়াদি এলএলবি (সম্মান) কোর্সটি। ১৯৭৭-৭৮ শিক্ষাবর্ষ থেকে চার বছর মেয়াদি কোর্স চালু করা হয়। প্রতিবছর ১৫০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সিলেবাসের আধুনিকায়ন করা হয়। বর্তমানে এর শিক্ষার্থীদের মোট দুই হাজার ৩০০ নম্বরের ওপর পরীক্ষা দিতে হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ চালু হয় ১৯৫৩ সালে। ১৯৫৪ সালে এখানে আইন বিষয়ে দুই বছরের পাসকোর্স চালু হয়। ১৯৭০ সালে স্নাতক ও ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া শুরু হয়। ১৯৭৩ সালে বিভাগটির নামকরণ হয় ‘জুরিসপ্রুডেন্স’। ১৯৭৬ থেকে বিভাগটিতে সম্মান কোর্স চালু হয়।পরবর্তী সময়ে কোর্স দুটিকে এলএলবি (সম্মান) ও এলএলএম নামকরণ করা হয়। বর্তমানে এখানে অনার্স ও মাস্টার্সের পাশাপাশি এমফিল ও পিএইচডি কোর্সও চালু রয়েছে। রয়েছে সান্ধ্যকালীন দুই বছর মেয়াদি এলএলএম কোর্সও। এর সম্মান কোর্সটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই চার বছর মেয়াদি আর এলএলএম এক বছর মেয়াদি।চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ে আইন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগটি চালু হয় ১৯৯২ সালে। বর্তমানে প্রতিটি শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) পর্যায়ে ১৫০ জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারে। এলএলবি কোর্সের সঙ্গে এখানে এলএলএম করা যায়। রয়েছে আইন বিষয়ে এমফিল ও পিএইচডি প্রোগ্রামও। ইসলামী বিশ্ববিদ্যালয়১৯৮০ সালে যাত্রা শুরু করেছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। শুরুতে শুধু সম্মান কোর্স চালু থাকেলেও বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে এলএলএম এবং এমফিল করতে পারবেন শিক্ষার্থীরা। প্রতিবছর স্নাতক সম্মান পর্যায়ে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়: দেশে ২৫টির মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ার সুযোগ আছে। এসব বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগই চার বছর মেয়াদি সম্মান ডিগ্রি প্রদান করে। তবে এলএলএম কোর্স রয়েছে কোনো কোনোটায়। নিচে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নামের তালিকা দেওয়া হলো:ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্দান বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, আশা বিশ্ববিদ্যালয়, দারুল সালাম বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, দি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনির্ভাসিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা), প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, ডেফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, প্রাইম বিশ্ববিদ্যালয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ভ্র ইউনিভার্সিটি অব বাংলাদেশ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট; উত্তরা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি ও সায়েন্স, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়।জাতীয় বিশ্ববিদ্যালয়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশে অনেক আইন কলেজ চালু রয়েছে। এসব আইন কলেজে আপনি দুই বছরের পাসকোর্সে ভর্তি হতে পারেন। তবে যোগ্যতা হিসেবে আপনার একটি বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।