আইন পেশার জগতে স্বাগত
আইন পেশার মানুষকে ‘সমাজ কৌশলী’ হিসেবেও আখ্যায়িত করা হয়। কারণ, সমাজের নানা বিষয়ে অসংগতি ও বৈষম্য দূর করতে একজন আইন পেশাজীবীকে রাখতে হয় অগ্রগামী ভূমিকা। তাই শতাব্দীর পর শতাব্দী ধরে আইন পেশা স্বীকৃত হয়ে আসছে সম্মান ও ঐতিহ্যের পেশা হিসেবে। আধুনিক বিশ্বের সূচনাপর্বে মা-বাবারা চাইতেন, সন্তান বড় হয়ে উকিল-ব্যারিস্টার হবে। আগে এমন কোনো অভিজাত পরিবার পাওয়া যেত না, যেখানে অন্তত একজন ব্যারিস্টার নেই। এরই ধারাবাহিকতায় আইন নিয়ে পড়াশোনার প্রতিও শিক্ষার্থীদের আগ্রহ বেড়েই চলছে দিন দিন। আইন পেশার বিবর্তনবর্তমানে বাংলাদেশে তালিকাভুক্ত আইনজীবীর সংখ্যা প্রায় ৫০ হাজার। আইন পেশায় আমাদের রয়েছে সমৃদ্ধ উত্তরাধিকার। এ উপমহাদেশে ব্রিটিশ শাসনামলের আগে থেকে হিন্দু ও মুসলিম আমলে ব্রাহ্মণ কিংবা পক্ষগণের নিযুক্ত প্রতিনিধির মাধ্যমে ‘উকিল’ হিসেবে বিরোধ মীমাংসা পরিচালনা করা হতো। মুসলিম আমলে আইনে বিশেষ জ্ঞান যাঁদের আছে, তাঁরা মামলা পরিচালনা করতেন। তাঁদের বলা হতো মুফতি।তখন আইনজীবীদের সনদ দেওয়ার কোনো প্রতিষ্ঠান ছিল না। ১৭৭৪ সালে কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হলে আদালত থেকে সনদ নিয়ে আইনজীবী হিসেবে মামলায় অংশ নেওয়া যেত। সে সময় রাজকীয় সনদের ১১ অনুচ্ছেদবলে ইংল্যান্ডের ব্যারিস্টার এবং স্কটল্যান্ডের অ্যাডভোকেটদের আইনজীবী হিসেবে সনদ দেওয়া হতো। ১৭৯৩ সালের রেজুলেশনে সদর দেওয়ানি আদালত কর্তৃক আইনজীবীদের সনদ দেওয়ার ব্যবস্থা করা হয়।তখন অবশ্য শুধু হিন্দু এবং মুসলমান ধর্মাবলম্বীরা এই সনদ পেতেন। ১৮৩৩ সালে এই বিধান পরিবর্তন হয় এবং ১৮৪৬ সালে সব ধর্মাবলম্বীর মধ্য থেকে আইনজীবী হিসেবে সনদের বিধান পরিবর্তিত হয়। কিন্তু সুপ্রিম কোর্টে দেশীয় আইনজীবীদের মামলা পরিচালনা করার অধিকার ছিল না। ১৮৫০ সালে সনদ দেওয়ার জন্য পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। ১৮০৬২ সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হলে দেশের ও বিদেশের সব আইনজীবীই মামলা পরিচালনার সুযোগ পান।১৮৭৯ থেকে আইনে স্নাতকদের জ্যেষ্ঠ আইনজীবীদের অধীনে শিক্ষানবিশ থেকে এবং পরীক্ষায় অংশ নিয়ে সনদ নিতে হতো।১৯২৬ সালে বার কাউন্সিল আইনে ব্যারিস্টার ও উকিলের মধ্যে পার্থক্য দূর করা হয় এবং সবাইকে অ্যাডভোকেটের মর্যাদা দেওয়া হয়। সব অ্যাডভোকেটকে, যাঁরা ব্যারিস্টার ছিলেন না, তাঁদেরও হাইকোর্টে মামলা পরিচালনা করার এখতিয়ার দেওয়া হয়। কিন্তু তখন তাঁদের অ্যাটর্নিদের দ্বারা নিযুক্ত হতে হতো। ঢাকা হাইকোর্টে অবশ্য অ্যাটর্নিদের মাধ্যমে আইনজীবী নিযুক্ত হতে হতো না। ১৯৬৫ সালে পাকিস্তানের প্রতিটি প্রদেশে প্রাদেশিক ও সর্বপাকিস্তান বার কাউন্সিল গঠিত হয়। তখন থেকেই আইন পেশার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়। ১৯৭২ সালে বাংলাদেশে প্রাদেশিক বার কাউন্সিলের স্থলে বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়। আইন পেশার ক্ষেত্রবাংলাদেশে আইন পেশার পরিধি এখন অনেক বিস্তৃত। বিচার বিভাগ পৃথক হওয়ার পর এর পরিধি আরও বেড়েছে। নিম্ন আদালতে বিচারক হিসেবে কাজের সুযোগ থেকে শুরু করে আইনজীবী ও মানবাধিকারকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বিশাল দ্বার এখন উন্মুক্ত। এ ছাড়া আইন বিষয়ে শিক্ষকতারও সুযোগ রয়েছে। আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদের পরীক্ষায় পাস করতে হবে। বিভিন্ন বেসরকারি মানবাধিকার সংস্থা ও এনজিওতে মানবাধিকারকর্মী ও প্যানেল আইনজীবী হিসেবে কাজের ক্ষেত্রটি এখন অনেক বিস্তৃত। প্রাতিষ্ঠানিক ফলাফল ভালো হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষক হিসেবে কাজের সুযোগ যেমন রয়েছে, তেমনই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণকালীন কিংবা খণ্ডকালীন শিক্ষকতা করারও সুযোগ রয়েছে। এসবের বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিগুলো আইন কর্মকর্তা হিসেবেও কাজের অবাধ সুযোগ আছে। বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রতিবছর আইন কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। জ্যেষ্ঠ আইনজীবীরা আইন পরামর্শক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হন । আইনজীবীদের কাজের ধরন ও ক্ষেত্রসনদ পাওয়ার আগে কোনো জ্যেষ্ঠ আইনজীবীর অধীনস্থ হয়ে কিংবা কোনো ল ফার্মে যোগ দিয়ে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করতে কোনো বাধা নেই। আইনজীবী হচ্ছেন মুক্ত পেশার মানুষ। একগাদা নথিপত্র নিয়ে কালো গাউন পরে ছোটাছুটি করা ব্যস্ত আইনজীবীর কাঁধে দায়িত্ব অনেক। নিজের মক্কেলের পক্ষে লড়াইয়ে জিততে হবে তাঁকে। অধিকারবঞ্চিতদের পাশে দাঁড়াতে হবে। তবেই সুনাম আর সুখ্যাতি আসবে। আইনজীবী হিসেবে শুরুর দিকটা চ্যালেঞ্জের, একটু কষ্টের। তবে ধৈর্য ধরে এগোলে কোনো বাধা আর বাধা নয়। আইনজীবী হিসেবে কাজের সাফল্য প্রাতিষ্ঠানিক ফলাফলের ওপর নির্ভর করে না বরং পেশাজীবনে তাঁর মেধা, পরিশ্রম ও একাগ্রতাই পৌঁছে দেয় সফলতার দুয়ারে।একজন আইনজীবী আদালতে বিশেষ কোনো বিষয়ে পারদর্শী হয়ে উঠতে পারেন। ক্ষেত্র বুঝে এবং নিজের দক্ষতা ও আগ্রহের ওপর নির্ভর করে কোন দিক নিয়ে কাজ করতে হবে। দেওয়ানি ক্ষেত্র অর্থাৎ জমিজমা, পারিবারিক, ক্ষয়ক্ষতি, প্রভৃতি বিষয়ে দেওয়ানি আদালতে মামলা পরিচালনার সুযোগ রয়েছে। ফৌজদারি ক্ষেত্র অর্থাৎ বিভিন্ন অপরাধমূলক কাজ, যেমন— চুরি, ডাকাতি, খুন প্রভৃতি বিষয়সংক্রান্ত আইন অনুশীলনের মাধ্যমে মামলা পরিচালনার সুযোগও রয়েছে। মূলত এ দুটি ক্ষেত্র ছাড়াও পরিবেশ কিংবা অর্থঋণবিষয়ক মামলা, ব্যাংক-সংক্রান্ত মামলা পরিচালনায়ও পারদর্শী হয়ে ওঠা যায়। অবশ্য একজন তরুণ আইনজীবীকে শুরু থেকে সব দিকেই বিচরণ করতে হয়। নিম্ন আদালতের পাশাপাশি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজের ক্ষেত্র আরও ব্যাপক। সাংবিধানিক বিষয়, জনস্বার্থবিষয়ক মামলা এবং কোম্পানি বিষয়ে মামলা পরিচালনা সুপ্রিম কোর্টেরই এখতিয়ার রয়েছে। তরুণ আইনজীবী, যাঁরা সম্মান ডিগ্রি অর্জন করেছেন কিংবা ব্যারিস্টার হয়েছেন, তাঁদের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজের আগ্রহ বেশি থাকে। এ ক্ষেত্রগুলো বাদে ‘কর আইনজীবী’ হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ আছে। বিভিন্ন কর-সংক্রান্ত সমস্যা নিরসনে এবং মামলা পরিচালনায় কর আইনজীবী হিসেবেও কর আইনজীবী সমিতিতে নাম লেখাতে হয়। প্রতিরক্ষাসংক্রান্ত বিচারব্যবস্থায় জাজ অ্যাডভোকেট জেনারেল হিসেবে কাজ করার সুযোগ আছে। বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীতে প্রতিবছরই আইনজীবীদের মধ্য থেকে অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিয়োগের জন্য প্রজ্ঞাপন দিয়ে থাকে। রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে ভূমিবিষয়ক নানা ধরনের মামলা পরিচালনার জন্য নিজস্ব আইনজীবী নিয়োগ দিয়ে থাকে। এ ছাড়া বিভিন্ন ব্যাংক-বিমা নিজেদের মামলা পরিচালনার জন্য প্যানেল আইনজীবী নিয়োগ করে থাকে। এসব প্রতিষ্ঠানের কাজের ধরন ও গতি বাড়ার সঙ্গে সঙ্গে আইনজীবীদের জন্য নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। শ্রম আদালতে শুধু শ্রমিকদের মামলা-মোকদ্দমা পরিচালনার জন্য কাজের সুযোগ আছে। বিভিন্ন বেসরকারি আইনি সহায়তা সংস্থাগুলোর অসহায় ও দরিদ্রদের মামলা পরিচালনার জন্য সংস্থার আইনজীবী হিসেবে কাজের সুযোগ আছে।বাণিজ্যিক সংস্থায় আইনজীবীদের কদর বাড়ছে দিন দিন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে আইন পরামর্শক হিসেবে কাজের ক্ষেত্র রয়েছে। এ ছাড়া সরকারি আইনজীবী ও নোটারি আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করায় সুযোগ রয়েছে। বর্তমানে প্রতিটি ল ফার্মে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে চাকরি করার সুযোগও তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে আইনজীবীদের আইন পেশার পাশাপাশি আইন-সাংবাদিকতা করারও ক্ষেত্র তৈরি হয়েছে। বিভিন্ন দৈনিক পত্রিকার আদালত প্রতিবেদক হিসেবে আইনজীবীদের নিয়োগ দিয়ে থাকে। এ ছাড়া দৈনিক পত্রিকার আইনবিষয়ক পাতা সম্পাদনা ও প্রদায়ক হিসেবে লেখালেখি করে নিজের সৃজনশীলতা প্রয়োগের ক্ষেত্র তো রয়েছেই।উচ্চ আদালতে ১০ বছর আইনজীবী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে হওয়া যায় বিচারপতি। সহকারী অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলে কিংবা অ্যাটর্নি জেনারেল হয়ে রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে সম্মানজনক সুযোগও একমাত্র আইন পেশাতেই রয়েছে।বিচারক হওয়ার সুযোগবিচার বিভাগ পৃথক হবার পরে আইনে ডিগ্রিধারীদের বিচারক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বিশাল সুযোগ তৈরি হয়েছে। বিচারক হওয়ার প্রথম পদ হচ্ছে সহকারি জজ এবং বিচারিক ম্যাজিস্ট্রেট। দুটি পদের মধ্যে পার্থক্য হচ্ছে সহকারী জজরা দেওয়ানি-সংক্রান্ত বিচার করেন আর বিচারিক ম্যাজিস্ট্রেটরা করেন ফৌজদারি-সংক্রান্ত বিচার। বিচার বিভাগ পৃথক্করণের আগে বিসিএস পরীক্ষার মাধ্যমে পিএসসি সহকারী জজ নিয়োগের কাজ করত। এখন এ দায়িত্ব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের। সম্প্রতি আরও ১০১ সহকারী জজ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে কমিশন। আইন পেশার বাইরেআইনে পড়াশোনা শেষ করে আইনজীবী কিংবা আইনসংশ্লিষ্ট পেশা ছাড়াও অন্যান্য যেকোনো পেশায় জড়িত হতে পারেন। জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ নিয়োগ ছাড়াও বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারেন একজন আইনে ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তি। এ ছাড়া যেকোনো পেশায় নিজেকে নিয়োজিত করতে কোনো বাধা নেই। তবে আইনজীবী হিসেবে সনদ নিয়ে থাকলে এবং আদালতে নিয়মিত আইন পেশায় না থাকলে কিংবা অন্য পেশায় সরাসরি জড়িত থাকলে তাঁর সনদ বাতিল হতে পারে বার কাউন্সিল আইন অনুযায়ী।