আইন পেশার সঙ্গে জড়িতদের মানবিক হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনের শাসন সমুন্নত রাখার জন্য আইন পেশার সঙ্গে জড়িত ব্যক্তিদের মানবাধিকারের প্রতি অঙ্গীকার থাকতে হবে। এ জন্য আইন অনুষদের শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে মানবিক শিক্ষা অন্তর্ভুক্ত করা উচিত। প্রয়োজনে আইনের শিক্ষার্থীদের দর্শন ও সাহিত্য পড়ানো যেতে পারে।
চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এ কথা বলেন। বিশ্ব মানবাধিকার দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কে সি দে সড়ক ক্যাম্পাসে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের সহকারী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইফতেখার উদ্দীন চৌধুরী, যুগ্ম জেলা জজ মোহাম্মদ আবু হান্নান প্রমুখ।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হিল্লোল সাহার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন, খাগড়াছড়ির সচিব যুগ্ম জেলা জজ মোহাম্মদ মাহবুবুর রহমান।
প্রধান অতিথি বলেন, আইনের শিক্ষার্থীদের কবি, সাহিত্যিক ও দার্শনিকদের মানবিক ভাবনা কাজে লাগাতে হবে। তিনি আইন পেশার সঙ্গে জড়িত ব্যক্তিদের মানবিকভাবে আইন প্রয়োগ করার আহ্বান জানান। আয়োজনের দ্বিতীয় পর্বে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা মানবাধিকারের সপক্ষে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন।