
লড়াইটা যুক্তির। ছায়া সংসদ তাই মুখর বাক্যবাণে। সরকারি ও বিরোধী দলের যুক্তি পাল্টা যুক্তি। গত ১৫ জুন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আইন বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্তপর্বের আসরের চিত্র ছিল এমনই। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেসি দে সড়ক ক্যাম্পাসে বসে এ প্রতিযোগিতার আসর। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিতর্ক সংগঠন ডিবেট ক্লাব অব ল-এর আয়োজনে অনুষ্ঠিত হয় মাসব্যাপী এই প্রতিযোগিতা।
এতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভিন্ন অর্ধবর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত ১৬টি দল অংশ নেয়। জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ সমসাময়িক আইনি বিষয় নিয়ে এ যুক্তির লড়াইয়ে অবতীর্ণ হন সকলে। চূড়ান্তপর্বে ‘বোনাফাইড’ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ‘রুল অব ল’ চ্যাম্পিয়ান হয়।
শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন এসডি সাব্বির। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সাবের শাহের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মোহাম্মদ মাহাবুবুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন যুগ্ম জেলা জজ এ ইএম ইসমাইল হোসেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ, ডিবেট ক্লাব অব ল’-এর মডারেটর আহম্মদ রাজীব চৌধুরী, পিইউডিএসের মডারেটর সঞ্জয় বিশ্বাস এবং হিল্লোল সাহা।