আইন বিতর্কের জমজমাট আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন দুর্নীতি দমন কমিশন নিয়ে সংসদ অধিবেশনে তুমুল বিতর্ক। যুক্তি পাল্টা-যুক্তি আর শাণিত বাক্যবাণে প্রাণবন্ত ছায়া সংসদ। জমে ওঠে আইন বিতর্ক। সংসদের নির্ধারিত আলোচ্য বিষয় ছিল ‘স্বাধীন দুর্নীতি দমন কমিশন ব্যতীত বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।’ সরকারি দলের পক্ষে প্রধানমন্ত্রী বললেন, ‘স্বাধীন দুর্নীতি দমন কমিশনকে অবশ্যই রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে। তবেই দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’ এমন বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা এসে তাঁর যুক্তি তুলে ধরে বলেন, ‘বাংলাদেশে বিচার বিভাগও দুর্নীতিগ্রস্ত। তাই শক্তিশালী দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিচার নিশ্চিত করতে পারবে না। সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন গণসচেতনতা।’ যুক্তির আলোয় মুখরিত এই ছায়া সংসদে সরকারি দলে ছিল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দল। ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ছিল বিরোধী দলে। বিজয়ী হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দল। ১২ জানুয়ারি নগরের খুলশী এলাকার লন্ডন ইস্ট ব্যাংক কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় চট্টগ্রামের প্রথম আইন বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। দুই দিনের এই বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশের সরকারি-বেসরকারি ১২টি বিশ্ববিদ্যালয়ের আইন বিতর্ক দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দলে ছিলেন শুভাশীষ চৌধুরী, এহতেশাম রিশতা, তাসমিয়া সুমানা আর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় দলে আজমি আমান্তু, খন্দকার মহিউদ্দিন ও আমিমুল হাসান। চূড়ান্ত পর্বের বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সরকারি দলের এহতেশাম রিশতা। দৃষ্টি চট্টগ্রাম ও লন্ডন ইস্ট ব্যাংক কলেজের আয়োজনে শুরু হওয়া এই বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। লন্ডন ইস্ট ব্যাংক কলেজের পরিচালক প্রশান্ত ভূষণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন দ্য ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ আহসানুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন আল ফোরকান ও দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক আদনান মান্নান।প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুন নূর তুষার। এ সময় বিশেষ অতিথি ছিলেন এলকপের পরিচালক ডা. রহমত উল্লাহ, লন্ডন ইস্ট ব্যাংক কলেজের পরিচালক প্রশান্ত ভূষণ বড়ুয়া ও দৃষ্টি চট্টগ্রামের সভাপতি কশসাফুল হক।