সাদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিভাগের উপদেষ্টা অধ্যাপক মো. মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য মো. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুজিবুল হক, সহ–উপাচার্য শরীফুজ্জামান এবং আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে পরিশ্রমের মাধ্যমে নিজের মেধাকে প্রমাণ করতে হবে। আইন পেশাকে টাকা উপার্জনের হাতিয়ার না ভেবে দেশ ও দেশের মানুষের সেবায় জীবন উৎসর্গ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন আইন বিভাগের শিক্ষক মো. মুর্তজা ইসলাম, মো. ইয়াছিন ও রোকসানা আকতার। অনুষ্ঠানে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।