আইন অমান্যকারীদের ধরতে চীনের বিভিন্ন নগর কর্তৃপক্ষ উঠেপড়ে লেগেছে। এ রকম অপরাধীদের চিহ্নিত করে লজ্জায় ফেলতে তারা বিভিন্ন স্থানে প্রযুক্তির সাহায্য নিচ্ছে। আর নিয়ম ভঙ্গকারী লোকজনের ছবি গোপনে তুলে নিয়ে প্রকাশ্য পর্দায় প্রচার করছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গতকাল মঙ্গলবার জানায়, চারটি প্রদেশের বিভিন্ন শহরে যেসব পথচারী লাল বাতির নির্দেশনা মানছেন না, তাঁদের চেহারা শনাক্তকরণে জায়গায় জায়গায় যন্ত্র বসানো হয়েছে। পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশের রাজধানী জিনানে গত মাসের শুরুর দিকে এ রকম যন্ত্র স্থাপনের পর এ পর্যন্ত ছয় হাজারের বেশি অপরাধী ধরা পড়েছেন।
চীনে এ ধরনের প্রযুক্তির ব্যবহার আগেও হয়েছে। দোকানের পণ্যসামগ্রী এবং গণবিশ্রামাগার থেকে টয়লেট পেপার চুরি বন্ধ করতে এ কৌশল বেশ কাজে লেগেছে।
চেহারা শনাক্তকরণ যন্ত্রটি নিয়ম ভঙ্গকারীর আলোকচিত্র এবং ১৫ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করতে পারে। তারপর সেই ব্যক্তির ছবি তাৎক্ষণিকভাবে একটি পর্দায় দৃশ্যমান হয়। সেটা পুলিশ প্রাদেশিক ডেটাবেইসের সঙ্গে মিলিয়ে অপরাধীকে ধরে ফেলতে পারে। কারণ, ছবি তোলার ২০ মিনিটের মধ্যে লোকটির ছবিসহ ব্যক্তিগত তথ্যাবলি (আইডি নম্বর ও বাড়ির ঠিকানা) রাস্তায় স্থাপিত বড় পর্দায় প্রচার করা হয়।
লোকটিকে ধরার পর ট্রাফিক পুলিশ দুটি শাস্তির মধ্যে যেকোনো একটি বেছে নিতে বলে: ৩ মার্কিন ডলার জরিমানা অথবা ট্রাফিক পুলিশের সঙ্গে দাঁড়িয়ে ২০ মিনিট সাহায্য করতে হবে। পাশাপাশি অপরাধী হিসেবে লোকটির যাবতীয় তথ্য সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যম ওয়েইবোতে প্রকাশ করা হবে।
জিনানের পুলিশ কর্মকর্তা লি ইয়ং বলেন, নতুন প্রযুক্তির ব্যবহার শুরু করার পর থেকে আইন অমান্য করার হার দিনে ২০০ থেকে কমে ২০টিতে নেমে এসেছে।