আইন মেনে চলার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে ১৫ সেপ্টেম্বর থেকে চলছে ছয় দিনব্যাপী ট্রাফিক সপ্তাহ। পর্যটন শহরকে যানজট ও দুর্ঘটনামুক্ত করার ক্ষেত্রে জনগণকে সচেতন করে তুলতে জেলা পুলিশ প্রথমবারের মতো এই কর্মসূচি হাতে নেয়। আজ ২০ সেপ্টেম্বর কর্মসূচির শেষ দিনে ‘কক্সবাজারে কেমন ট্রাফিক চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এদিকে ১৭ সেপ্টেম্বর সকালে কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় সমাবেশ। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহ আহমদ নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কয়েক শ ছাত্রীকে ট্রাফিক আইন মেনে চলা এবং মাদক থেকে দূরে থাকার শপথবাক্য পাঠ করান পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর।এর আগে শহরের কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয় এবং পরে কক্সবাজার সরকারি বালিকা বিদ্যালয়েও সমাবেশ করা হয়। ১৫ সেপ্টেম্বর শহরের আইবিপি মাঠ থেকে বিশাল শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ে সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. বাবুল আকতার, জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মোস্তাফিজুর রহমান, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী প্রমুখ। পুলিশ সুপার সেলিম মোহাম্মদ বলেন, ট্রাফিক আইন ও নিয়মনীতি নিয়ে লোকজনকে সচেতন করতে পুলিশের এই বিশেষ উদ্যোগ। এ উপলক্ষে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারপত্র বিলি, ট্রাফিক আইন সম্পর্কে লোকজনকে ধারণা দেওয়া, চালকদের নিয়ে সচেতনমূলক সমাবেশসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।