
১৯ মে প্রথম আলোর প্রথম পাতায় একটি ছবি প্রকাশিত হয়। একটি মোটরসাইকেলে চালকের সঙ্গে চড়েছেন আরও চারজন। ওই ছবিতে দেখা যাচ্ছে, চালক ছাড়া বাকি নারী ও শিশুদের কারও মাথায় হেলমেট নেই। রাস্তায় প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কিন্তু আমরা কি সাবধান হচ্ছি? গাড়ি চালানোর জন্য দেশে মোটরযান আইন রয়েছে। ঝুঁকি নিয়ে মোটরসাইকেল চালানোর আগে একবার আইনের কথাটা মাথায় রাখুন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি ট্রাফিক, শাহবাগ) মাহফুজা আক্তারও বলেছেন নিরাপত্তার কথা। তিনি বলেন, ‘নিজের জন্য হলেও আইন মেনে চলা উচিত সবার। মোটরসাইকেল চালানোর আগে অবশ্যই বিআরটিএ থেকে নিবন্ধন সনদের সঙ্গে পাওয়া আইনগুলো পড়ে নেওয়া উচিত। কারণ, রাস্তায় চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন ভঙ্গ করলে জরিমানা গুনতে হবে।’

একটি মোটরসাইকেলে সর্বমোট কতজন চলাচল করতে পারে? মাহফুজা আক্তার বলেছেন, ‘চালকসহ মোট দুজন। এক মোটরসাইকেলে এর বেশি যাত্রী থাকলে সেটা বেআইনি। আর অবশ্যই দুজনকেই মাথায় হেলমেট পরতে হবে।’
মোটরযান আইন ১৯৮৮ (সংশোধনী) অনুসারে, চালক ও যাত্রী দুজনের মাথায় অবশ্যই হেলমেট থাকতে হবে। এ ছাড়া হাতে গ্লাভস ও পায়ে জুতা পরে তবেই চালকের আসনে বসতে হবে। এসব আইন না মেনে মোটরসাইকেল চালালে পুলিশ যেকোনো সময় মামলা করে দিতে পারে।
আইনের ১৪০ ও ১৪৯ ধারা অনুসারে এই মামলা করা হয়, যেখানে ১৪০ ধারায় আদেশ অমান্য করার অভিযোগে মামলায় ডিএমপিতে ৪০০ টাকা আর জেলায় ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১৪৯ ধারায় বলা হয়, নিরাপত্তাহীন অবস্থায় গাড়ি চালানোর অপরাধে মামলা। এই মামলা ডিএমপির মধ্যে হলে ২৫০ টাকা ও জেলার ক্ষেত্রে ৫০০ টাকা জরিমানা করা হয়।
তাই মোটরসাইকেল চালাতে গিয়ে মামলায় জড়ালে না হয় জরিমানা দিয়ে রেহাই পেলেন। কিন্তু দুর্ঘটনায় যদি আপনার জীবন হুমকিতে পড়ে, সেই জরিমানা কার কাছে দেবেন?