আইন সংশোধন না করেই ভূমি বিরোধ নিষ্পত্তির শুনানি!
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরীর একতরফা শুনানির সিদ্ধান্তে আদিবাসীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। বর্তমান ভূমি কমিশন আইন সংশোধন না করে ভূমি বিরোধ নিষ্পত্তির শুনানির বিরোধিতা করে আসছে আদিবাসী রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো।গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি কোরাম-সংকটের কারণে ভূমি বিরোধ নিষ্পত্তির শুনানি হয়নি। এরপরও কমিশনের চেয়ারম্যান তাঁর একক সিদ্ধান্তে ৩০ ও ৩১ মার্চ পুনরায় ভূমি বিরোধ নিষ্পত্তির শুনানির দিন ধার্য করেছেন বলে অভিযোগ করেছে আদিবাসী সংগঠনগুলো। এতে আদিবাসীদের ভূমির অধিকার রক্ষা হবে না বলে তাঁরা আশঙ্কা করছেন। এ পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার সংসদের চলমান অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন এবং কমিশনের চেয়ারম্যানের পদ থেকে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর অপসারণ ও শুনানি বন্ধের দাবি জানিয়েছে আদিবাসী সংগঠনগুলো। এর আগে ২০১০ সালের ২৭ ও ২৮ ডিসেম্বর পার্বত্য ভূমি কমিশনের শুনানি হওয়ার কথা ছিল। এই শুনানি কার্যক্রম উদ্বোধনের কথা ছিল পার্বত্যচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর। তবে ওই সময় বিভিন্ন আদিবাসী সংগঠনের তীব্র প্রতিবাদ ও আন্দোলনের হুমকির পরিপ্রেক্ষিতে ভূমি বিরোধ নিষ্পত্তির কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়। সে সময় আদিবাসী নেতারা ভূমি কমিশন আইনের যে সব ধারা পার্বত্য চুক্তির সঙ্গে বিরোধাত্মক সেসব ধারা বাতিলের আগে শুনানি না করার আহ্বান জানিয়েছিলেন।কিন্তু হঠাৎ আবার ভূমি বিরোধ নিষ্পত্তির শুনানি শুরুর বিজ্ঞপ্তি জারি হওয়ায় পার্বত্য এলাকায় অসন্তোষ দেখা দেয়। এ ব্যাপারে চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় বলেন, ‘কমিশনের ঐকমত্য ছাড়া শুনানি আহ্বানের কোনো বৈধতা নেই। এ ছাড়া কমিশনের আইন সংশোধন না হলে সভায় যোগদান করা সম্ভব নয়।’মং সার্কেলের প্রধান রাজা সাচিং প্রু জানান, ভূমি কমিশন চেয়ারম্যানকে অপসারণ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সুপারিশ অনুযায়ী ভূমি কমিশন আইন সংশোধন করা না হলে শুধু শুনানি নয় সভায় যোগদান না করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্যচুক্তির শর্ত মোতাবেক ২০০১ সালে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন জাতীয় সংসদে পাস হয়। কিন্তু এই আইনের ২৩টি ধারা পার্বত্যচুক্তির সঙ্গে বিরোধাত্মক বলে দাবি করছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, জনসংহতি সমিতিসহ বিভিন্ন আদিবাসী সংগঠন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা জানান, পার্বত্য ভূমি কমিশন আইন পাস হওয়ার পর আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে পার্বত্যচুক্তির সঙ্গে বিরোধাত্মক ধারা সংশোধনের জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়। এরপর বিভিন্ন সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কয়েকবার বৈঠক হলেও সরকার আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়নি। গৌতম কুমার চাকমা আরও জানান, সর্বশেষ গত ২২ জানুয়ারি পার্বত্যচুক্তি বাস্তবায়ন কমিটির সভায় ভূমি কমিশন আইনের ১৪টি ধারা সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ওই সভায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী উপস্থিত ছিলেন। তবে আইন সংশোধন হয়েছে কিনা তা জানা যায়নি।ভারত প্রত্যাগত শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বলেন, ‘মানুষকে বিভ্রান্ত করতে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ভূমি কমিশনের চেয়ারম্যান কাজ করছেন। এ ব্যাপারে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।’এ ব্যাপারে ভূমি কমিশন চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি।তবে গত ২৯ ফেব্রুয়ারি খাগড়াছড়িতে খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, ‘কমিশনের সদস্যদের অসহযোগিতার বিষয়টি সরকারের ওপর মহলে জানানো হবে।’ তিনি কমিশনের কার্যক্রম পরিচালনায় পার্বত্য আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদের সহযোগিতাও কামনা করেন।