আইনজীবী হতে চাই বার কাউন্সিলের সনদ
অবজেকশন ইওর অনার! ঘটনার দিন আমার মক্কেল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি তাঁর কর্মস্থল ঢাকায় ছিলেন। আমার মক্কেল একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তাঁকে উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় জড়ানো হয়েছে। আদালতে আইনজীবীর এমন যুক্তিতর্ক আমাদের অনেকেরই জানা। শুনতে ভালো লাগে। অনেকেই চান বড় হয়ে এই পেশায়ই আসবেন। গাউন পরে বিচারকদের সামনে আইনি যুক্তি তুলে ধরবেন।আইন নিয়ে যাঁরা পড়াশোনা করেন, তাঁদের স্বপ্ন থাকে আইনজীবী হওয়ার। বাংলাদেশে আইনজীবী হিসেবে কাজ করতে চাইলে, আইনে স্নাতক ডিগ্রি নেওয়ার পর বাংলাদেশ বার কাউন্সিল থেকে নির্ধারিত প্রক্রিয়ায় নিতে হবে নিবন্ধন। নিবন্ধন না নিয়ে আইনজীবী হিসেবে কাজ করার কোনো সুযোগ পাবেন না আপনি।শিক্ষানবিশি: একজন আইনের শিক্ষার্থীকে পড়াশোনা শেষ করে বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন নিতে তাঁকে কোনো জ্যেষ্ঠ আইনজীবীর অধীন ছয় মাস প্রশিক্ষণ (শিক্ষানবিশি) নিতে হবে। আর যাঁর অধীনে কাজ করবেন, তাঁর ন্যূনতম ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। তবে পেশাগত প্রশিক্ষণের এ-সংক্রান্ত কাগজপত্রও আপনাকে তৈরি করে নিতে হবে। তাই যাঁর সঙ্গে কাজ করবেন, তাঁর সঙ্গে একটি চুক্তিপত্র আপনাকে করে নিতে হবে। তিনি একটি হলফনামা (এফিডেভিট) করে দেবেন আপনাকে। বাংলাদেশ বার কাউন্সিল নির্ধারিত সনদ, জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে চুক্তিপত্র, এফিডেভিটের কপি ও কাউন্সিল অনুকূলে ৪০০ টাকার ব্যাংক ড্রাফটসহ বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর জমা দিতে হবে। জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে চুক্তির ৩০ দিনের মধ্যে আবেদনটি বার কাউন্সিলে জমা দিতে হয়। তবে যাঁদের বার-অ্যাট ল বা পিএইচডি ডিগ্রি রয়েছে, তাঁদের ছয় মাসের পেশাগত প্রশিক্ষণ নিতে হবে না। বছরের যেকোনো সময় নিবন্ধনের জন্য আবেদন করা যাবে।তালিকাভুক্তি পেতে: নিবন্ধন পেতে যাঁরা আবেদন করবেন, তাঁদের আবেদন যাচাই-বাছাই করবে বাংলাদেশ বার কাউন্সিল। আপনার আবেদন গৃহীত হলে আবেদনের ৬০ মাসের মধ্যে কাউন্সিল আপনাকে নিবন্ধন (রেজিস্ট্রেশন) কার্ড পাঠাবে। তাতে আপনার নিবন্ধন নম্বর উল্লেখ থাকবে। ছয় মাস পার হলে বার কাউন্সিল তাঁকে পরবর্তী নিবন্ধন পরীক্ষার জন্য নির্বাচন করবে। মনে রাখতে হবে, বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন পরীক্ষা বছরে একবার হয়ে থাকে। নিবন্ধনের ধাপ: পেশাগত প্রশিক্ষণ শেষ করে যাঁরা নিবন্ধনের জন্য আবেদন করবেন, তাঁদের লিখিত ও মৌখিক পরীক্ষায় বসতে হবে। যাঁরা লিখিত পরীক্ষায় টিকবেন, তাঁরাই পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।নিবন্ধনের আবেদন: বাংলাদেশ বার কাউন্সিল যাঁদের রেজিস্ট্রেশন দেবে, তাঁদের পরবর্তী পরীক্ষার জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে দুই হাজার ৪০০ টাকার ব্যাংক ড্রাফট নিবন্ধন ফি হিসেবে জমা দিতে হবে। সঙ্গে নিচের কাগজপত্রও দিতে হবে—জ্যেষ্ঠ আইনজীবী প্রদত্ত শিক্ষানবিশি সমাপনী সনদ।পাঁচটি দেওয়ানি ও পাঁচটি ফৌজদারি মামলার বিবরণ।শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।সমাজে প্রতিষ্ঠিত দুজন ব্যক্তির কাছ থেকে চারিত্রিক সনদপত্র। চার কপি রঙিন ছবি। হলফনামা বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক দেওয়া রেজিস্ট্রেশন কার্ডের কপি।লিখিত পরীক্ষা: বার কাউন্সিলে লিখিত পরীক্ষা হয় বছরে একবার। সাধারণত ফেব্রুয়ারি মাসে এই পরীক্ষা হয়ে থাকে। সারা দেশের প্রার্থীদের একই দিনে নির্দিষ্ট স্থানে পরীক্ষা হবে। পরীক্ষার আয়োজনও হবে কেন্দ্রীয়ভাবে। পরীক্ষা দিতে প্রার্থীকে ঢাকায় আসতে হবে। লিখিত পরীক্ষার মান ধরা হয়েছে ১০০। সময় চার ঘণ্টা। লিখিত পরীক্ষার পাস নম্বর হচ্ছে ৫০। রয়েছে নির্ধারিত পাঠ্যক্রমও। ছয়টি গ্রুপের প্রশ্ন থেকে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। সিলেবাসে দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, সাক্ষ্য আইন, তামাদি আইন ইত্যাদি থেকে প্রশ্ন থাকে। লিখিত পরীক্ষায় প্রথম পাঁচটি গ্রুপে (গ্রুপ ‘এ’ থেকে ‘ই’) প্রতিটির জন্য ১৬ নম্বর করে থাকে। আর গ্রুপ ‘এফ’-র জন্য থাকে ২০ নম্বর। অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম শেষ করেন ২০০২ সালে। একই বছরে অংশ নেন বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায়। তিনি বলেন, বার কাউন্সিলের লিখিত পরীক্ষা তেমন জটিল কিছু নয়। প্রশ্ন হয় সাধারণ ধরনের। সাধারণত ছোট ছোট ধরনের প্রশ্ন হয়ে থাকে। যাঁরা আইনের ছাত্র, তাঁদের জন্য পরীক্ষা সহজই হয় বলে মনে করেন তিনি। তবে পড়াশোনা শেষ করে দ্রুত পরীক্ষাটা দিয়ে দেওয়া উচিত। এতে পড়াশোনার ধারাবাহিকতায় তিনি খুব সহজেই পাস করে যেতে পারবেন।মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় যাঁরা পাস করবেন, তাঁরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষা হবে ৫০ নম্বরে। পাস নম্বর ২৫। মৌখিক পরীক্ষার বোর্ডে থাকেন বিচারপতিরা। এ ছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন কমিটির সদস্যরাও থাকেন।সনদপ্রাপ্তি: উত্তীর্ণ প্রার্থী যখন বারের সদস্য হবেন, তখন তাঁকে সনদপত্রের জন্য আবেদন করতে হবে। এরপর তাঁকে বাংলাদেশ বার কাউন্সিল থেকে একটি সনদ ও পরিচয়পত্র দেওয়া হয়। সনদপত্রে তাঁর একটি নম্বর থাকবে। নম্বরটি হবে সংশ্লিষ্ট বারের ধারাবাহিক ক্রমিক অনুযায়ী।